২৮ বছরের দণ্ডাদেশ নিয়ে সাবেক ব্যাংক কর্মকর্তা স্ত্রীসহ গ্রেপ্তার
প্রতারণা ও অর্থ আত্মসাতের ৯ মামলায় বিভিন্ন মেয়াদে ২৮ বছরের কারাদণ্ড এবং ১৯টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পলাতক থাকা এক সাবেক ব্যাংক কর্মকর্তা ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর স্ত্রীও এক বছরের কারাদণ্ডের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পলাতক ছিলেন।
পাঁচ বছর ধরে আত্মগোপনে এই দম্পতি। গতকাল শনিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে বগুড়া সদর থানা–পুলিশ। এরপর আজ রোববার আদালতের মাধ্যমে এই দম্পতিকে কারাগারে পাঠানো হয়।
তাঁরা হলেন একটি বেসরকারি ব্যাংকের সাবেক কর্মকর্তা এবং বগুড়া শহরের ফুলবাড়ী মধ্যপাড়া এলাকার গোলাম মোস্তফা (৫১) এবং তাঁর স্ত্রী সুমাইয়া ফারজানা (৪১)।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা প্রথম আলোকে বলেন, গোলাম মোস্তফা বেসরকারি একটি ব্যাংকে চাকরি করার সময় সেখান থেকে জালিয়াতির মাধ্যমে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেন। এ জন্য ২০০৮ সালে ব্যাংক থেকে তাঁকে চাকরিচ্যুত করা হয়। পরে ব্যাংক কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করে। ওই মামলাসহ ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মোট ৯ মামলায় বিভিন্ন মেয়াদে তাঁকে ২৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও তাঁর স্ত্রী সুমাইয়া ফারজানাকেও আদালত প্রতারণার একটি মামলায় ২০১৯ সালে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। সাজার দণ্ডাদেশ ছাড়াও গোলাম মোস্তফার বিরুদ্ধে ১৯টি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। তাঁর স্ত্রী সুমাইয়া ফারজানার বিরুদ্ধে কারাদণ্ডের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পুলিশ জানায়, ব্যাংকের অর্থ আত্মসাতের পর গোলাম মোস্তফা ও তাঁর স্ত্রী সুমাইয়া ফারজানা বগুড়ায় ফিরে সদরের হাজেরাদীঘি এলাকায় দুগ্ধ খামার গড়ে তোলেন। সেখানেও নানা কৌশলে স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেন। পরে তাঁরা পালিয়ে ঢাকায় গিয়ে থিতু হন। ঢাকায় কথিত এজেন্সি খুলে কয়েকজনকে হজে পাঠানোর কথা বলে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেন বলেও অভিযোগ আছে।
ওসি সেলিম রেজা আরও বলেন, সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে গোলাম মোস্তফা ও তাঁর স্ত্রী এত দিন আত্মগোপনে ছিলেন। তাঁরা জাল জাতীয় পরিচয়পত্র এবং দেশে থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিদেশি ফোন নম্বর ব্যবহার করতেন। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সদর থানা–পুলিশের একটি দল গতকাল শনিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে।