২৮ স্কুলে দখলদারদের থাবা

ঢাকা মহানগরের ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৮টির জমি ও শ্রেণিকক্ষ বেদখল হয়ে গেছে। ১০ থেকে ১৫ বছর ধরে দখল হওয়া এসব জমির পরিমাণ ২৪০ দশমিক ৯৫ শতাংশ বা প্রায় সাড়ে সাত বিঘা।
দখল করে ছাগলের স্থায়ী হাট বসানোয় একটি বিদ্যালয় বন্ধই হয়ে গেছে। একটি বিদ্যালয় বিলীন হওয়ার পথে। কোনো কোনো বিদ্যালয়ে ভবন, দোকান নির্মাণ বা বস্তি বানিয়ে ভাড়া দিচ্ছেন স্থানীয় লোকজন। আবার কোনো বিদ্যালয়ে কক্ষ বানিয়ে বসবাস ও কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে। একটিতে বানানো হয়েছে ব্যক্তিগত গাড়ি রাখার স্থান (গ্যারেজ)।
ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের তৈরি একটি প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। গত মঙ্গলবার (১৯ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রতিবেদনটি জমা দেওয়া হয়। এতে দখলের পাশাপাশি এ নিয়ে মামলা-মোকদ্দমা ও উচ্ছেদে গৃহীত পদক্ষেপের কথাও তুলে ধরা হয়েছে।
‘গরিবের বিদ্যালয়’ হিসেবে পরিচিত এসব শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারের নজরদারিও যে পুরোপুরি রয়েছে, তা বলা যাবে না। প্রতিবেদনে উল্লিখিত জায়গায় বেদখল হওয়া বিদ্যালয়গুলো গত চার দিনে ঘুরে দেখা গেছে নানা সমস্যার চিত্র।
৩৪২টি বিদ্যালয়ের মধ্যে ২৮টির জমি বেদখলে চলে গেলেও বাকিগুলোর অবস্থাও ভালো নয়। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ছিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ঢাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অবস্থা ভালো না। সাধারণ ঘরের সন্তানদেরও এখন এসব বিদ্যালয়ে পাঠানো হয় না। একেবারে নিম্ন ও দরিদ্র পরিবারের সন্তানেরা এখানে পড়তে যায়। এগুলোর ওপর বেশি জোর দেওয়া উচিত বলে মনে করেন তিনি।
সরকারি প্রতিবেদনে বলা হয়, ১০টি বিদ্যালয় ব্যক্তি পর্যায়ে ভোগদখল করা হচ্ছে, ওয়াসার পাম্প বসানো হয়েছে ছয়টিতে, উচ্চবিদ্যালয়সহ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম চলছে ১০টিতে। এর মধ্যে কোনো কোনো বিদ্যালয়ে পাম্পও বসানো হয়েছে, আবার অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমও চলছে। এ ছাড়া স্থানীয় ‘পঞ্চায়েত কমিটি’ ও ক্লাব বা স্থানীয় কলোনিও আছে দখলদারদের তালিকায়।
সম্প্রতি রাজধানীর বেইলি রোডের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পরীক্ষার দেওয়ার খবর প্রকাশের পর গরিবের বিদ্যালয় নামে পরিচিত এসব শিক্ষাপ্রতিষ্ঠানের করুণ চিত্রের কথা নতুন করে আলোচনায় আসে। গত ঈদের ছুটির সময় বেইলি রোডের সামাজিক শিক্ষাকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা নিজেদের দাবি করে সেটি ভেঙে দেয় বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন। ছুটি শেষে শিক্ষক-শিক্ষার্থীরা এসে দেখে ৫২ বছরের পুরোনো বিদ্যালয়টি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবারও সেখানে গিয়ে দেখা গেছে, ত্রিপল দিয়ে অস্থায়ী ছাউনির নিচে শিক্ষার্থীরা ক্লাস করছে।
অথচ বিদ্যালয়টি বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রায় দুই কিলোমিটার দূরে। তবে বিদ্যালয়টি ফিরে পেতে সরকার চলতি মাসে আপিল করে। জানতে চাইলে রমনা থানার শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম প্রথম আলোকে বলেন, ৭ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ বেঞ্চে আপিলের শুনানির কথা রয়েছে। এর আগ পর্যন্ত অস্থায়ী ব্যবস্থাপনাতেই শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নিতে হবে।
মিরপুর-২-এ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে কয়েক মিনিটের হাঁটা পথের দূরত্বে অবস্থিত চম্পা-পারুল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৭ জুলাই বিদ্যালয়ের একাংশ নিজেদের দাবি করে সেটি দখল করে নিয়েছেন স্থানীয় এক ব্যক্তি। ফলে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও খোলা আকাশের নিচে ক্লাস-পরীক্ষা দিতে হচ্ছে।
মঙ্গলবার বিদ্যালয়টি গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের মূল ভবনটি আগে থেকেই পরিত্যক্ত হওয়ায় এত দিন ক্লাস নেওয়া হচ্ছিল ছোট খেলার মাঠে স্থাপিত পাঁচটি টিনশেডের কক্ষে। কিন্তু দখলদার ব্যক্তি টিনশেডের প্রায় অর্ধেকের বেশি অংশ ভেঙে দিয়েছেন। পাশাপাশি সেখানে ইটের বেড়াও দেওয়া হয়েছে। ফলে সেখানে ক্লাসের পরিবেশ নেই। দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলায় খোলা আকাশের নিচেই পরীক্ষা নেওয়া হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁরা বিদ্যালয়ের ভোগ করা জায়গাটির জন্য আইনি পদক্ষেপ নিয়েছেন।
তবে ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরীন আক্তার প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ের জমি ফিরিয়ে আনার জন্য নানাভাবে চেষ্টা করা হচ্ছে। তবে কোথাও কোথাও মামলা থাকায় সেটা সম্ভব হচ্ছে না। বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।
ঢাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর এই সসস্যা দীর্ঘদিন ধরে চলে আসলেও এ নিয়ে সরকারের উদ্যোগটি চোখে পড়ার মতো নয়। মামলাগুলোতেও সরকারের ভূমিকা জোরালো নয় বলে অভিযোগ আছে। সরকারি প্রতিবেদন বলছে, বর্তমানে সাতটিতে মামলা চলছে এবং ১০টিতে অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য ঢাকা জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দেওয়া হয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া প্রথম আলোকে বলেন, বেদখল হওয়া বিদ্যালয়গুলোর জায়গা উদ্ধারে আইনি-প্রক্রিয়া চলমান আছে। এর মধ্যে শিগগির মিরপুরের একটি বিদ্যালয়ের দখলদারদের উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করেন তিনি।
সরকারি প্রতিবেদন বলছে, ডেমরার ব্রাহ্মণচিরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৯ শতাংশ জমির মধ্যে ৩১ শতাংশ জমি দখল হয়ে গেছে। এ নিয়ে হাইকোর্ট ও জজকোর্টে দুটি মামলা চলছে।
গত বুধবার দেখা যায়, এই বিদ্যালয়ের ঠিক সামনের জায়গায় পাকা দেয়াল ও ওপরে টিনের ছাউনি দিয়ে ঘর তৈরি করে ভাড়া দেওয়া হয়েছে এবং স্থায়ী ভবন নির্মাণের প্রক্রিয়া চলছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইরানি বেগম আগের কিছু ছবি দেখিয়ে বলেন, ২০০৮ সালের আগেও এখানে মাঠ ছিল। শিশুরা খেলাধুলা করত। এখন বিদ্যালয়ের সেই জায়গা দখল হয়ে যাওয়ায় শিশুরা আর খেলতে পারে না। শিশুরা খেলতে চাইলেও সেই সুযোগটি বন্ধ হয়ে গেছে। দখলদারেরা এমনভাবে স্থাপনা করেছেন যে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশই আর নেই। তবে দখলদারদের দাবি এটি তাঁদের জমি।
অভিযোগ পাওয়া গেছে, দখলদারেরা স্থানীয় ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ফলে তাঁদের উচ্ছেদ করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে দখলদারদের একজনের ছেলে মো. রাজুর কাছে জানতে চাইলে তিনি প্রথম আলোকে পাল্টা প্রশ্ন করে বলেন, ‘আমাদের জায়গা, আমরা নেব না?’
গেন্ডারিয়া মহিলা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে জানা যায়, এখানে এক হাজার ৫৩২ জন শিক্ষার্থী পড়ছে। শ্রেণিকক্ষের অভাবে ক্লাসের সমস্যা চলছে। বিদ্যালয়ের ৩৭ দশমিক ৭৬ শতাংশ জমির মধ্যে ২৫ দশমিক ৭৬ শতাংশ জমিই বিদ্যালয়সংলগ্ন সীমান্ত খেলাঘর আসর দখল করে রেখেছে। একই সঙ্গে স্থানীয় মহিলা সমিতি বিদ্যালয়ের একাংশ নিজেদের দাবি করে সেখানে কয়েকটি দোকান বানিয়ে দীর্ঘদিন ধরে ভাড়া দিয়েছে।
বুধবার ওই বিদ্যালয়ে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ পারভেজ বলেন, শ্রেণিকক্ষের অভাবে ক্লাস নিতে খুবই সমস্যা হচ্ছে। একটি কক্ষে ৮০ জন করেও ক্লাস নিতে হচ্ছে। নতুন ভবন না হলে কোনোভাবেই অষ্টম শ্রেণি চালু করা সম্ভব হবে না, হলেও বাইরে ক্লাস নিতে হবে। এ বিষয়ে কথা বলার জন্য বিদ্যালয় সীমান্ত খেলাঘর আসরে গেলে তালা ঝুলতে দেখা যায়। তবে স্থানীয় একটি সূত্র জানায়, সীমান্ত খেলাঘর আসর এই জায়গা সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়েছে। কিন্তু প্রধান শিক্ষকের প্রশ্ন এই জমি তাঁদের, খাজনাও পরিশোধ করছেন। তাহলে জমি বন্দোবস্ত দেওয়া হয় কীভাবে?
গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ট্রাক মালিক সমিতির কাছে অবৈধভাবে ভাড়া দিয়েছেন পরিচালনা কমিটির লোকজনই। এ ছাড়া বিদ্যালয়ের মাঠের এক কোনায় একটি দোকান ঘর ও বিলবোর্ড ভাড়া দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে ওই বিদ্যালয়ে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ জন্য কথা বলা সম্ভব হয়নি। তবে স্থানীয় সূত্রগুলো বলছে, পরিচালনা কমিটির শীর্ষস্থানীয় পদে থাকা একজন পুরেনো ভবন ও দোকানের জায়গাটুকু নিজেদের দাবি করেন।
সরকারি প্রতিবেদন বলছে, কামরাঙ্গীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪২ শতাংশ জমির মধ্যে ১৭ শতাংশ জমির দাতার উত্তরাধিকারীরা বেদখল করেছেন। প্রতিবেদন অনুযায়ী ১১ দশমিক ৬০ শতাংশ জমির ওপর অবস্থিত সূত্রাপুরের এম এ আলীম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শতাংশ জমি স্থানীয় প্রভাবশালী ব্যক্তি দখল করে পাঁচতলা ভবন নির্মাণ করেছেন।
গত বছরের জানুয়ারিতে প্রথম আলোর উদ্যোগে রাজধানীর ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে প্রতিবেদন করা হয়েছিল। তখনও জমি বেদখলের একই চিত্র পাওয়া গিয়েছিল। এই দেড় বছরে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। সরকারের পক্ষ থেকেও এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ প্রথম আলোকে বলেন, বেদখল হওয়া বিদ্যালয়গুলোর জমি উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। যেমন বেসরকারি পর্যায়ের দখল উচ্ছেদের জন্য আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে মিরপুরের কাজিফরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা উদ্ধার হয়েছে। আরও কয়েকটির প্রক্রিয়া চলছে।