২৮৯ কিমি সাইকেল চালিয়ে ইজতেমার পথে ৮৪ বছরের জয়নাল
১৮তম বারের মতো সাইকেল চালিয়ে সাতক্ষীরা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছেন ৮৪ বছর বয়সী জয়নাল আবেদিন। গতকাল শনিবার রাজশাহীর নওদাপাড়ায় আহলে হাদিসের ইজতেমায় যোগ দিতে সাতক্ষীরা সদর উপজেলার কাওনডাঙ্গা গ্রাম থেকে রওনা হন তিনি। ২৮৯ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আগামীকাল সোমবার বিকেলে তাঁর ওই ইজতেমার মাঠে পৌঁছানোর কথা।
কাওনডাঙ্গা গ্রামের বিপত্নীক জয়নাল আবেদিন একজন কৃষক। এর আগে ১৭ বার সাইকেল চালিয়ে ওই ইজতেমায় যোগ দিয়েছেন তিনি।
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর বয়স ৮৪ বছর বলে জানিয়েছেন জয়নাল আবেদিন। তিনি বলেন, ‘৬০ বছর বয়স থেকে এভাবে সাইকেলে চেপে আহলে হাদিসের ইজতেমায় যাচ্ছি। এতে কোনো কষ্টবোধ করি না। যাতায়াতের পথে দুয়েক স্থানে যাত্রাবিরতি নিই। কোনো মসজিদে রাত কাটাই। নিজের কাছে থাকা শুকনো খাবার খাই। এ ছাড়া হজমের সমস্যা হলে সঙ্গে থাকা ট্যাবলেট খেয়ে নিই।’
জয়নাল আবেদিন বলেন, ইজতেমা শেষে একইভাবে সাইকেলে চেপে আবারও ফিরে আসেন বাড়িতে। তবে রাতে সাইকেল চালান না।
জয়নাল আবেদিনের বাড়ি বাঁশদহ ইউনিয়নে। ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁর বাবার জন্ম ১৯৩৮ সালে। জয়নাল আবেদিন তাঁর বাবার সহপাঠী। তিনি প্রায়ই সাইকেল চালিয়ে রাজশাহীর ইজতেমায় যোগ দিতে যান।
এদিকে সাতক্ষীরার তালা উপজেলা থেকে আবদুল বারী নামের আরেক ব্যক্তি সাইকেলে চালিয়ে রাজশাহীর ওই ইজতেমায় যোগ দিয়েছেন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর বয়স ৫৮ বলে জানান তিনি। আবদুল বারি বলেন, ‘শরীরে শক্তি ও দৃষ্টি ঠিক থাকলে ভবিষ্যতেও একইভাবে সাইকেলে চেপে রাজশাহীতে যেতে চাই।’