২৯৭ কোটি টাকা খরচ হয়েছে জলাবদ্ধতা দূর হয়নি

গত জুলাইয়ে ভারী বৃষ্টিতে নগরের লামাপাড়া, তালতলা, জামতলা, উপশহর, কানিশাইল, ঘাসিটুলাসহ ২০টি এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারী বৃষ্টিতে সিলেট নগরে যেন জলাবদ্ধতা দেখা না দেয়, সে জন্য গত অর্থবছরে প্রায় ৫০ কোটি টাকা খরচ করেছে সিটি করপোরেশন। আর গত ১০ বছরে এই খাতে খরচ হয়েছে ২৪৭ কোটি টাকা। সব মিলিয়ে ২৯৭ কোটি টাকা খরচের পরও জলাবদ্ধতার সমস্যা পুরোপুরি দূর হয়নি।

সর্বশেষ গত ১, ১৪ ও ১৯ জুলাই ভারী বৃষ্টিতে নগরের বেশ কয়েকটি এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। এর মধ্যে পায়রা, দরগা মহল্লা ও পাঠানটুলা এলাকায় হাঁটু থেকে কোমরপানি ছিল। এ তিন এলাকা ছাড়াও নগরের লামাপাড়া, তালতলা, জামতলা, উপশহর, কানিশাইল, ঘাসিটুলাসহ আরও অন্তত ২০টি নিচু এলাকা জলাবদ্ধ ছিল। এসব এলাকা থেকে পানি নেমে যেতে কয়েক ঘণ্টা সময় লেগেছিল।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক জহির বিন আলম বলেন, সিলেট বৃষ্টিপ্রবণ এলাকা। মূলত শহরের বৃষ্টির পানি সুরমা নদীতে গিয়েই মেশে। অথচ খননের অভাবে সুরমা নদীর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে। এ নদী খনন করা অবশ্যই দরকার। আর জলাবদ্ধতা দূর করতে ছড়াগুলোকেও দখল থেকে বাঁচিয়ে রাখতে হবে।

সিটি করপোরেশনের প্রকৌশল শাখা জানিয়েছে, জলাবদ্ধতা দূর করতে সিটি করপোরেশন ২০০৯ সালে ১১ কোটি টাকা ব্যয়ে কয়েকটি ছড়া খনন করে এবং ৫ কিলোমিটার এলাকায় রিটেনিং ওয়াল নির্মাণ করে। পরে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ২৩৬ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়িত হয়। এর অধীনে ছড়া দখলমুক্ত করে খনন করা হয়। পাশাপাশি ৩৯ দশমিক ৯৬ কিলোমিটার রিটেনিং ওয়াল, ইউটাইপ ড্রেন ও ওয়াকওয়ে তৈরি করা হয়।

সিটি করপোরেশন সূত্র বলছে, ২০২০ সালের জুলাই মাসে ‘সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। এর আগে এ প্রকল্পের জন্য সরকার ১ হাজার ২২৮ কোটি ১ লাখ ৮৭ হাজার টাকা বরাদ্দ দেয়। এর মধ্যে জলাবদ্ধতা নিরসন খাতে ৪০৯ কোটি টাকা ব্যয় হওয়ার কথা। প্রকল্প বাস্তবায়নের জন্য গত অর্থবছরে ১২৯ কোটি টাকার বরাদ্দ দেয় সরকার। এর মধ্যে জলাবদ্ধতা দূর করতে প্রায় ৫০ কোটি টাকা খরচ করেছে সিটি করপোরেশন। চলতি অর্থবছরে আরও ১০০ কোটি টাকার বরাদ্দ দিয়েছে সরকার। বাকি টাকা পরে বরাদ্দ দেওয়ার কথা।

সিলেট বৃষ্টিপ্রবণ এলাকা। মূলত শহরের বৃষ্টির পানি সুরমা নদীতে গিয়েই মেশে। অথচ খননের অভাবে সুরমা নদীর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে। এ নদী খনন করা অবশ্যই দরকার। আর জলাবদ্ধতা দূর করতে ছড়াগুলোকেও দখল থেকে বাঁচিয়ে রাখতে হবে।
জহির বিন আলম, অধ্যাপক পুরকৌশল বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, চলমান প্রকল্পের কাজ শেষ হলে জলাবদ্ধতা আর থাকবে না। ১৫ কিলোমিটার বেদখল ছড়ার ৮ কিলোমিটার দখলমুক্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সিটি করপোরেশনের একজন প্রকৌশলী জানিয়েছেন, পাঠানটুলা এলাকার জলাবদ্ধতা নিরসনে সড়কের দুই পাশে ৩২ কোটি টাকা ব্যয়ে প্রশস্ত নালা নির্মাণের জন্য দরপত্র আহ্বানের বিষয়টি প্রক্রিয়াধীন।

পায়রা এলাকার বাসিন্দা রাজীব চৌধুরী জানান, সিটি করপোরেশন জলবদ্ধতা দূর করতে বড় বড় প্রকল্পের কাজ করছে। অথচ সামান্য বৃষ্টি হলেই পায়রা এলাকার আশপাশের কয়েকটি পাড়া-মহল্লার মূল সড়ক ডুবে যায়।

সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘জলাবদ্ধতার সমস্যাকে প্রাধান্য দিয়ে বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করেছি। এর ফলে এ সমস্যার ৭০–৮০ শতাংশ দূর হয়েছে। করোনার কারণে গত দেড় বছরে অনেকটা পিছিয়ে পড়েছি। আশা করছি, চলমান প্রকল্পের কাজ শেষ হলে জলাবদ্ধতার সমস্যা পুরোপুরি দূর হবে।’