৩ কেজি ৮৫০ গ্রামের কাতলা শিকারের পুরস্কার দুই লাখ টাকা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বড়শি দিয়ে ৩ কেজি ৮৫০ গ্রাম ওজনের কাতলা মাছ শিকার করে প্রথম পুরস্কার হিসেবে দুই লাখ টাকা পেয়েছেন এক ব্যক্তি। উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের কলেজপাড়ার দিরেশ দিঘিতে শুক্রবার দিনভর অনুষ্ঠিত শৌখিন মৎস্য শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পুরস্কারপ্রাপ্ত ওই মাছশিকারির নাম আবদুল কাদির (৪৫)। তিনি সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া গ্রামের বাসিন্দা। কালীকচ্ছ বন্ধু কল্যাণ মৎস্য প্রকল্প নামের একটি সংগঠন এ প্রতিযোগিতার আয়োজন করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর ছয়টা থেকে বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৩১ জন শৌখিন মৎস্য শিকারি অংশ নেন। তাঁরা ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, ঢাকা ও ময়মনসিংহ জেলা থেকে আসেন। এর জন্য প্রত্যেক শিকারিকে ২২ হাজার টাকা করে আয়োজকদের প্রদান করতে হয়েছে। প্রতিযোগীদের জন্য ছিল ৪ লাখ ৮৩ হাজার টাকার সাতটি পুরস্কার।
মৎস্য শিকার প্রতিযোগিতা পরিচালনা করেন উপজেলা শৌখিন মৎস্য শিকার সমিতির সভাপতি রতন বক্স। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রতিবছর উপজেলার চারটি দিঘিতে পালা করে এ আয়োজন করে থাকি। এর অংশ হিসেবেই আজকের এ আয়োজন করা হয়েছে।’