৩ দফা দাবিতে ৯ দিন ধরে আন্দোলনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা
বেতন বাড়ানোসহ তিন দফা দাবিতে নয় দিন ধরে আন্দোলন করছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ আন্দোলনে এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হলেও গতকাল শনিবার থেকে পাঁচ ঘণ্টা করে কর্মবিরতি পালন করছেন তাঁরা। কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি মানা না হলে তাঁরা কাজে ফিরবেন না।
কর্মকর্তাদের তিন দাবি হলো সহকারী রেজিস্ট্রার পদে প্রারম্ভিক বেতন ২৯ হাজার থেকে ৩৫ হাজার ৫০০ টাকা ও উপরেজিস্ট্রার পদে ৪৩ হাজার থেকে ৫০ হাজার টাকায় উন্নীত করা, চাকরির বয়সসীমা ৬০ বছর থেকে ৬২ বছর করার বিষয়ে ইতিমধ্যে স্থগিত করা প্রজ্ঞাপন ফের কার্যকর করা এবং কর্মঘণ্টা ঠিক রেখে (সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত) ছুটি এক দিন করা। বর্তমানে সকাল ৯টা থেকে সাড়ে বিকেল ৪টা পর্যন্ত কর্মঘণ্টাসহ সপ্তাহে দুই দিন ছুটি পান বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তারা।
আন্দোলনরত কর্মকর্তারা বলছেন, এসব দাবি বাস্তবায়নের জন্য ২০১৬ সাল থেকে তাঁরা নানা সময়ে আন্দোলন করেছেন। তবে প্রশাসন সব সময় প্রতিশ্রুতি দিয়ে আন্দোলন থামিয়ে দিয়েছে। ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই দাবিগুলো মানার আশ্বাস দেওয়া হয়েছিল। তবে সেটির বাস্তবায়ন না হওয়ায় ১৯ ফেব্রুয়ারি থেকে এক ঘণ্টা কর্মবিরতিতে যান কর্মকর্তারা। আন্দোলন আরও জোরদার করতে গতকাল সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত পাঁচ ঘণ্টা কর্মবিরতি শুরু করেন তাঁরা। আজ রোববার সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতিতে অংশ নেন প্রায় ৩০০ কর্মকর্তা।
কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি এ টি এম এমদাদুল আলম প্রথম আলোকে বলেন, ‘ছয় বছর দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করছি। এই সুবিধাগুলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা ভোগ করে আসছেন। কিন্তু আমাদের প্রশাসন শুধু আশ্বাসই দিয়ে যায়, বাস্তবায়ন করে না।’
এ বিষয়ে বক্তব্যের জন্য কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য মাহবুবুর রহমানের মুঠোফোনে কল করা হলে তিনি উপাচার্যের সঙ্গে বৈঠকে আছেন বলে জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘দাবির বিষয়ে আমার কোনো আপত্তি নেই। তবে এখানে যেহেতু আর্থিক বিষয় আছে, সেহেতু বিষয়টি ইউজিসির মাধ্যমে হতে হবে। ইউজিসি, কর্মকর্তা প্রতিনিধিসহ একটি কমিটি গঠন করার কথা বলা হচ্ছে। একটা প্রক্রিয়ার মাধ্যমে সবকিছু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আন্দোলনরত কর্মকর্তাদের এ কথা আজ বলা হবে।’