৩ দিনেও হদিস মেলেনি চুরি হওয়া নবজাতকের
চট্টগ্রামের রাউজান উপজেলায় চুরি হওয়া নবজাতকের হদিস মেলেনি তিন দিনেও। গত শনিবার ভোরে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ব্রাহ্মণহাট এলাকা থেকে ওই নবজাতক চুরি হয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অন্তঃসত্ত্বা ভারসাম্যহীন এক নারী ব্রাহ্মণহাট এলাকার একটি বাজারে আশ্রয় নেন। গত শুক্রবার সন্ধ্যায় তাঁর প্রসবব্যথা শুরু হয়। পরে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় তিনি কন্যাসন্তানের জন্ম দেন। স্থানীয় এক নারী নবজাতকের পরিচর্যাও করেন। গত শনিবার সকালে বাজারের ব্যবসায়ীরা এসে দেখেন, নবজাতকটি নেই। এরপর বিষয়টি জানাজানি হয়।
বাগোয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া বলেন, লোকজনের কাছে শনিবার নবজাতক চুরির ঘটনা শুনেছেন। তবে সুনির্দিষ্টভাবে তাঁকে কেউ এ বিষয়ে জানায়নি।
বাজারের মুদিদোকানি মুহাম্মদ অলি বলেন, ওই নারী বাজারে অবস্থান নেওয়ায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে জানানো হয়। পরে পুলিশ এসে স্থানীয় চেয়ারম্যান ও সদস্যকে বিষয়টি জানানোর কথা বলেন।
এ বিষয়ে রোববার রাতে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, ৯৯৯ নম্বরে কল করা এবং ওই নারী যে স্থানে আছেন, সেখানে পুলিশ পাঠানোর বিষয়ে তিনি কিছু জানেন না। তবে এ বিষয়ে খোঁজ নিয়ে দেখবেন।