৩ লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেয়েছেন ইউএনওর কার্যালয়ের সিএ
তিন লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে অপহরণকারীদের হাত থেকে ছাড়া পেয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের গোপনীয় সহকারী (সিএ) তেজেন্দ্র কুমার দেবনাথ। বৃহস্পতিবার রাতে অপহরণকারীরা মুক্তিপণ আদায়ের পর তাঁকে ফেনীর লালপোল এলাকায় একটি কমিউনিটি সেন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চোখে মলম লাগিয়ে ফেলে চলে যান।
এর আগে তিন ঘণ্টা গাড়িতে রেখে বিভিন্ন স্থানে ঘুরিয়ে টাকা আদায়ের জন্য নির্যাতন করে অপহরণকারী চক্র। মুক্তি পেয়ে বাসায় ফেরার পর স্বস্তি ফিরেছে পরিবারে।
আজ শুক্রবার তেজেন্দ্র কুমার দেবনাথের স্ত্রী মনিকা ভৌমিক বলেন, গতকাল রাত পৌনে ৮টার দিকে তাঁর স্বামী তাঁকে ফোন করে ঘরে কত টাকা আছে জানতে চান। এ সময় তিনি ৩০ হাজার টাকা আছে বলে জানান। পরপর বেশ কয়েকবার ফোন করে পাঁচটি নম্বরে তিন লাখ টাকা পাঠানোর জন্য বেশ অনুনয়-বিনয় করতে থাকেন। এত রাতে এত টাকা কেন জানতে চাইলে তাঁর স্বামী বলেন, চাকরি দেওয়ার নাম করে একজনের কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছিলেন। কিন্তু চাকরি দিতে পারেননি। ফলে ওই লোকগুলো তাঁকে জিম্মি করেছেন। টাকা না দিলে তাঁরা মেরে ফেলবেন। স্বামীকে হারানোর ভয়ে তিনি আত্মীয়স্বজনের মাধ্যমে তিন লাখ টাকার ব্যবস্থা করে পাঁচটি নম্বরে মোট তিন লাখ টাকা পাঠিয়ে দেন। টাকাগুলো তুলে নেওয়ার পর অপহরণকারীরা তাঁকে মহাসড়কের পাশে ফেলে দিয়ে চলে যান। টাকা গেলেও স্বামীকে ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তিনি।
তেজেন্দ্র কুমার দেবনাথ বলেন, গতকাল সন্ধ্যা ৭টার দিকে তিনি সীতাকুণ্ড বাসস্ট্যান্ড থেকে ফেনী যাওয়ার উদ্দেশে একটি মাইক্রোবাসে ওঠেন। মাইক্রোবাসটি সীতাকুণ্ড ছেড়ে যাওয়ার পরপরই ভেতরে থাকা যাত্রীবেশী পাঁচজন অপহরণকারী তাঁর গলায় গামছা দিয়ে পেঁচিয়ে ধরেন। এরপর হাতুড়ি দিয়ে তাঁর ডান পায়ের হাঁটুতে একাধিকবার আঘাত করেন। এই আঘাত ঠেকাতে গিয়ে ডানের হাতের আঙুল ভেঙে যায়। এরপর তাঁর নাম–পরিচয় নিশ্চিত হয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় তাঁর ওপর নির্যাতন। পরে তিন লাখ টাকা দেওয়া পর্যন্ত প্রায় তিন ঘণ্টা সড়কের বিভিন্ন স্থানে ঘুরিয়েছেন তাঁরা।
চাকরি দেওয়ার নামে পাঁচ লাখ টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তেজেন্দ্র কুমার দেবনাথ বলেন, ‘বিষয়টি মিথ্যা। অপহরণকারী আমাকে যেভাবে শিখিয়ে দিয়েছে, প্রাণ বাঁচানোর ভয়ে আমি স্ত্রীর কাছে ওভাবেই টাকা চেয়েছি।’
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, বিষয়টি তিনি জানেন না। থানার দায়িত্বরত কর্মকর্তাও তাঁকে জানাননি। তবে ভুক্তভোগী ব্যক্তি পাঁচটি ফোন নম্বর ও টাকার অঙ্ক লেখা বিশিষ্ট কাগজ তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়েছেন। এখন থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও মো. শাহাদাত হোসেন বলেন, তেজেন্দ্র দেবনাথ বিষয়টি রাতেই তাঁকে জানিয়েছেন। তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।