৩০ ব্যবসায়ীর ৭ লাখ টাকা উদ্ধার করলেন মনপুরার ওসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবাইল ব্যাংকিং প্রতারণায় খোয়া যাওয়া প্রায় ৭ লাখ টাকা উদ্ধার করে ফেরত দেন মনপুরা থানার ওসি সাইদ আহমেদ
ছবি: সংগৃহীত

ভোলার মনপুরা উপজেলায় ৩০ ব্যবসায়ীর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে প্রতারণা করে হাতিয়ে নেওয়া সাত লাখ টাকা উদ্ধার করেছেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ। আজ মঙ্গলবার বেলা একটার দিকে প্রতারকদের কাছ থেকে উদ্ধার করা সেই টাকা হস্তান্তর করা হয়।

মনপুরার ওসি সাইদ আহমেদ বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রতারকদের কাছ থেকে সব টাকা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বিএনপি নেতা মফিজুল ইসলামের ২৫ হাজার, মনপুরা হাজীরহাট বাজারের ব্যবসায়ী ও ইউপি সদস্য মো. জাফরের ৩৫ হাজার, ব্যবসায়ী মো. জামানের ১১ হাজার, চায়ের দোকানদার মো. রুবেলের ৫০ হাজার, মোবাইল ব্যাংকিং ও কম্পিউটার ব্যবসায়ী মো. শাহীনের ৪৪ হাজার, মো. নুরুজ্জামানের ১৮ হাজার, রাসেল জমাদারের ৫০ হাজার, ব্যবসায়ী মো. জামালের ৮০ হাজার টাকা রয়েছে। বাকি ব্যবসায়ীদের টাকাও ফেরত দেওয়া হয়েছে।

বিএনপি নেতা মফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে খোয়া যাওয়া টাকার আশা ছেড়ে দিয়েছিলাম। এখন ওসির আন্তরিক সহযোগিতায় টাকা ফেরত পেয়ে আমি খুশি। ওসিসহ সব কর্মকর্তাকে অসংখ্য ধন্যবাদ।’