৩০০ শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ৩০৩। এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর জন্য বিদ্যালয়ে রয়েছে একজন মাত্র শিক্ষক। শিক্ষক–সংকটের কারণে বিদ্যালয়র উঁচু শ্রেণির শিক্ষার্থীরা নিচের শ্রেণিতে পাঠদান করে। এমন দশা কক্সবাজারের টেকনাফের সদর ইউনিয়নের রাজারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।

রাজারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় সরকারীকরণ করা হয় ১৯৭৩ সালে। বর্তমানে শিশু থেকে পঞ্চম শ্রেণি ছয়টি শ্রেণিতে মাত্র একজন শিক্ষক পাঠদান করছেন। বিদ্যালয়ে শিক্ষকের পদের সংখ্যা ছয়। ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে একজন শিক্ষক অবসরে ও দুজন বদলি হয়ে চলে যান। একজন শিক্ষক মাতৃত্বকালীন ছুটিতে এবং অন্য একজন প্রশিক্ষণে গেছেন। এতে প্রধান শিক্ষক আবদুল মান্নান বিদ্যালয়ের একমাত্র শিক্ষক হয়ে দাঁড়ান। এরপর আর কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি।

সরেজমিনে বিদ্যালয়ে দেখা গেছে, প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণিতে গণিতের পাঠদান করছেন। পাশেই অন্য দুটি কক্ষে বই হাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তার তৃতীয় শ্রেণিতে ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রেশমী আক্তার পাঠদান করছে একই শ্রেণিতে। ওই সময় শিক্ষকের ভূমিকায় থাকা শিক্ষার্থীরা বলে, ‘বিদ্যালয়ের শিক্ষক না থাকায় মান্নান স্যারকে আমরা সহযোগিতা করে আসছি। কিন্তু এতে করে আমাদের লেখাপড়ার ব্যাঘাত ঘটছে।’

প্রধান শিক্ষক বলেন, শিক্ষক-সংকটের কারণে বিদ্যালয়ে ছাত্রছাত্রী কমে যাচ্ছে। গত বছর ছিল ৩৭৮ জন শিক্ষার্থী। এ বছর শিক্ষার্থীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩০৩–এ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ শূন্য প্রায় তিন-চার বছর ধরে। নির্ধারিত ক্লাস নেওয়ার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে আমাকে। প্রতি মাসেই চার-পাঁচ দিন দাপ্তরিক কাজে উপজেলা সদরে যেতে হয়। ওই সময়ে বিদ্যালয়ের কোনো ক্লাসও হয় না।’

বিদ্যালয়ের সভাপতি আনোয়ার কামাল বলেন, ‘আমি প্রায় সময় সরকারি বিধি মোতাবেক পর্যাপ্ত শিক্ষক দেওয়ার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বলছি। কিন্তু এতে কোনো কাজ হচ্ছে না।’

টেকনাফ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাজান মিয়া বলেন, আশপাশের তিন-চার কিলোমিটারের মধ্যে একটি মাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও শিক্ষক না থাকায় গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বিদ্যালয়টি নামে আছে কাজে নেই।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা আশীষ বোস বলেন, শিক্ষক-শিক্ষিকা নিয়োগের প্রক্রিয়া চলছে। নতুন নিয়োগ পাওয়া গেলে শিক্ষক দিয়ে শূন্য পদ পূরণ করা হবে।

জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম ছিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এর আগে আমাকে কেউ বিষয়টি জানায়নি। উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে এখনই আলোচনা করে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়ার চেষ্টা করব।’