৩১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সায়হাম কটন মিলের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের লোকজন। বৃহস্পতিবার দুপুরে।
প্রথম আলো

প্রায় ৩১ ঘণ্টা চেষ্টার পর হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ার সায়হাম কটন মিলের গুদামের আগুন নিয়ন্ত্রণ করেছেন ফায়ার সার্ভিসের লোকজন। গত বুধবার দিবাগত রাত ১টার দিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে আসছিল। শুক্রবার সকাল ৮টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিমুল মোহাম্মদ শুক্রবার দুপুরে প্রথম আলোকে বলেন, এ আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক ধাপ তাঁরা অতিক্রম করেছেন। এখন পুরোপুরি নিয়ন্ত্রণের কাজ চলছে। তবে তুলার এ গোডাউনে আগুনের সূত্রপাত জানাতে পারেননি তাঁরা।

হবিগঞ্জ ফায়ার সার্ভিস অফিস জানায়, বুধবার দিবাগত রাত ১টার দিকে তুলার গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। কীভাবে ঘটেছে, তা বোঝা যাচ্ছে না। তুলার গুদাম হওয়ার কারণে আগুনের ফুলকি উড়ছিল ভয়াবহভাবে। যে কারণে আগুন নিয়ন্ত্রণ করতে প্রায় ৩১ ঘণ্টা সময় নিতে হয়। হবিগঞ্জ, মাধবপুর, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ উপজেলাসহ এর আশপাশের ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করে।

সায়হাম কটন মিলের উপব্যবস্থাপনা পরিচালক এম এম রেজা প্রথম আলোকে বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তিনি ধারণা করেন। তাঁদের পাঁচ লাখ বর্গফুটের এ কটন মিলে মোট ১০০ কোটি টাকা মূল্যের তুলা মজুত ছিল। আগুনে তা সম্পূর্ণ পুড়ে গেছে বলে দাবি করেন তিনি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, প্রায় ৩১ ঘণ্টা ধরে তুলার গোডাউনে আগুন জ্বলছিল। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কারণ,এ সময় কোনো শ্রমিক কারখানায় ছিলেন না।