৩২ দেশে যাচ্ছে পাতার ঝুড়ি

চাকরিতে শ্রমের চেয়ে বেতন কম। এটি উপলব্ধির পর কারখানা খুলে বসেন গাজীপুরের মেহেদী। এখন বছরে রপ্তানি করেন ৩০-৩৫ কোটি টাকার পণ্য।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোগলা পাতা দিয়ে ঝুড়ি তৈরি করছেন নারীরা। তা তদারকি করেন উদ্যোক্তা মেহেদী হাসান। সম্প্রতি গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায়
ছবি: প্রথম আলো

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একবার অ্যাসাইনমেন্টের বিষয় খুঁজে পাচ্ছিলেন না মেহেদী হাসান (২৮)। বন্ধুরা সব পছন্দের বিষয় বেছে নিয়েছেন, তাৎক্ষণিক জুতসই কোনো বিষয় মাথায় আসছিল না। মেহেদী আশ্রয় নিলেন ইন্টারনেটের। শুরুতেই সামনে আসে ‘বায়োডিগ্রেডেবল’ বা পরিবেশবান্ধব পণ্য। যেমন হোগলাপাতার ঝুড়ি, খেজুরপাতার পাটি, শণ বা বাঁশ-বেতের তৈরি বিভিন্ন পণ্য। সেবার পণ্যগুলোর উৎপাদন ও ভবিষ্যৎ সম্ভাবনার ওপর অ্যাসাইনমেন্ট লিখে ফেললেন মেহেদী।

মেহেদী পড়তেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে। ২০১৬ সালে পড়াশোনা শেষ হলে একটি পোশাক কারখানায় চাকরিতে যোগ দেন। মেহেদীর অ্যাসাইনমেন্টের গল্পটাও এখানেই শেষ হতে পারত। কিন্তু ২০১৭ সালের শেষ দিকে চাকরি ছেড়ে পরিবেশবান্ধব পণ্য তৈরির কারখানা খুলে বসেন মেহেদী। নাম দেন ‘ন্যাচারক্রাফট বাংলাদেশ’। সেখানে শণ, খেজুরপাতা, হোগলাপাতার মতো পচনশীল বিভিন্ন উপাদান থেকে তৈরি করতে শুরু করেন ১৫ থেকে ২০ ধরনের পণ্য। মেহেদীর ভাষ্য, এসব পণ্য এখন ৩২টি দেশে রপ্তানি করা হচ্ছে। কারখানায় কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার মানুষের।

গাজীপুর মহানগরের ধীরাশ্রম লেভেল ক্রসিং পার হয়ে একটু পশ্চিম দিকে এগোলেই ন্যাচারক্রাফট বাংলাদেশের কারখানা। রাস্তার দুই পাশে তিনটি বড় আধা পাকা ঘর। এর মাঝের একটি মূল কারখানা। আর বাকি দুটি ব্যবহার করা হয় মালামাল সংগ্রহের জায়গা হিসেবে। সম্প্রতি কারখানাটিতে গিয়ে প্রায় ৩০০ শ্রমিকের কর্মব্যস্ততা দেখা যায়। কেউ মেশিনে সেলাইয়ের কাজ করছেন, কেউ তৈরি বিভিন্ন পণ্য রোদে শুকাচ্ছেন। কেউবা ব্যস্ত পণ্যগুলো রপ্তানির কাজে। কাজের পাশাপাশি চলছিল শ্রমিকদের গল্প, আড্ডা।

পাট দিয়ে তৈরি করা হয়েছে ঝুড়ি
ছবি: প্রথম আলো

মেহেদী হাসান বললেন, চাকরিতে মন বসছিল না। বারবারই মনে হচ্ছিল, নিজের মেধা ও শ্রমের চেয়ে পারিশ্রমিক কম পাচ্ছেন। কী নিয়ে কাজ করা যায়, এমন ভাবতে ভাবতে বিশ্ববিদ্যালয়ে লেখা সেই অ্যাসাইনমেন্টের কথা মাথায় আসে। এরপর চাকরির পাশাপাশি পণ্যগুলোর ব্যাপারে খুঁটিনাটি সব জানার চেষ্টা করেন। মোটামুটি ধারণা পাওয়ার পর চাকরি ছেড়ে নিজে কারখানা তৈরি করে পরিবেশবান্ধব পণ্য তৈরি শুরু করেন। তখন তিনজন কর্মী ছিলেন। এখন এ সংখ্যা প্রায় তিন হাজার।

পণ্য তৈরি ও রপ্তানি

মেহেদীর কারখানায় বিভিন্ন ধরনের ঝুড়ি, ফুলের টব, পাপোশ, ম্যাট, বাটি, ব্যাগসহ তৈরি হয় ঘর সাজানোর বিভিন্ন উপকরণ। কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় পচনশীল হোগলাপাতা, পাট, বেত, বাঁশ, খেজুরপাতাসহ বিভিন্ন উপাদান। কাঁচামালগুলো সংগ্রহ করেন যশোর, নরসিংদী, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলা থেকে।

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় মূল কারখানা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় আছে আরও সাতটি সাবস্টেশন। সব স্টেশন মিলিয়ে শ্রমিকের সংখ্যা প্রায় তিন হাজার।

প্রদর্শনীর জন্য রাখা ঝুড়ি
ছবি: প্রথম আলো

মেহেদী বলেন, পণ্যগুলোর ক্রয়াদেশ আসে বিদেশ থেকে। বিদেশি ক্রেতার মাধ্যমে এসব পণ্য রপ্তানি হয় আমেরিকা, কানাডা, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়াসহ প্রায় ৩২টি দেশে। প্রতিবছর পণ্য রপ্তানি হয় ৩০ থেকে ৩৫ কোটি টাকার।

ন্যাচারক্রাফট বাংলাদেশের শ্রমিকদের ৮০ শতাংশই নারী। গাজীপুরের মূল কারখানা ছাড়া বিভিন্ন সাবস্টেশনের মাধ্যমে তাঁদের কাছে কাজ পৌঁছে দেওয়া হয়। নতুন কেউ কাজ শুরুর আগে দেওয়া হয় তিন মাসের প্রশিক্ষণ। কোন পণ্য কীভাবে তৈরি করবেন, কখন করবেন, প্রশিক্ষণে এসব শেখানো হয়। প্রশিক্ষণের এই সময়ও বেতন পান শ্রমিকেরা।

মুখ ফিরিয়ে নেয় পরিবার

মেহেদীর উদ্যোক্তা হওয়ার গল্পটা সহজ ছিল না। নানান চড়াই-উতরাইয়ের কথা বলছিলেন তিনি। এর মধ্যে পরিবার, বন্ধুবান্ধব ছাড়াও সরকারের অসহযোগিতার কথা জানান।

মেহেদী বলেন, হঠাৎ চাকরি ছেড়ে দেওয়ায় পরিবার অনেকটা কথা বলা বন্ধ করে দেয়। ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে কারখানা শুরু করতে ঋণের জন্য বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানের দ্বারস্থ হন। কিন্তু কেউ কোনো ঋণ দেয়নি। কেউ আসলে বিশ্বাস করতে চায়নি।

ছাত্রজীবনে টিউশনি ও পরে চাকরি করে পাওয়া অল্প কিছু টাকা দিয়ে কাজ শুরু করেন মেহেদী। এখন কত মানুষ তাঁর সঙ্গে কাজ করেন। কিন্তু শুরুর দিনগুলোয় তাঁকে পাড়ি দিতে হয়েছে নানা প্রতিকূলতা।