৩৩৩ নম্বরে কল দিয়ে খাদ্যসহায়তা পেয়েছেন ৩ হাজার ৫২৫ জন
জাতীয় জরুরি সেবাকেন্দ্রের ৩৩৩ নম্বরে কল দিয়ে নড়াইল জেলায় খাদ্যসহায়তা পেয়েছেন ৩ হাজার ৫২৫ দরিদ্র মানুষ। এসব খাদ্যসহায়তার মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ কেজি তেল। সর্বশেষ নড়াইল সদর উপজেলায় আজ বুধবার সকালে প্রায় ২০০ জনের হাতে এসব খাদ্যসহায়তা তুলে দেওয়া হয়।
আজ সকালে নড়াইল সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে দুস্থ ব্যক্তিদের হাতে এ খাদ্যসহায়তা তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম, জেলা ত্রাণ কর্মকর্তা মো. মিজানুর রহমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নাসরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউএনও সাদিয়া ইসলাম বলেন, ৩৩৩ নম্বরে কল করলে কোনো খরচ হয় না। এখানে কল করার পর ইউএনওরা সেখান থেকে তথ্য পান। এরপর তাঁদের জাতীয় পরিচয়পত্র নিয়ে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে আসতে বলা হয়। সেখান থেকে তাঁদের হাতে খাদ্যসহায়তা তুলে দেওয়া হয়। এর আগে ওই ব্যক্তিদের ব্যাপারে খোঁজ নেওয়া হয়, তাঁরা সহায়তা পাওয়ার যোগ্য কি না।