৩৩৩ রোগী শনাক্তের দিনে ময়মনসিংহ বিভাগে করোনায় মৃত্যু হলো ২ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

করোনার তৃতীয় ঢেউয়ে দেশের অন্যান্য বিভাগের মতো ময়মনসিংহ বিভাগেও দ্রুত সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে নতুন করে ৩৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় ১ হাজার ৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্তের হার ৩১ দাঁড়িয়েছে।

আজ সোমবার সকালে ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অফিস থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য জানা যায়।

গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে করোনা শনাক্ত হয়েছিল ১৮৮ জনের। গতকালও ময়মনসিংহ বিভাগে ২ জনের মৃত্যু হয়েছিল, শনাক্তের হার ছিল ৩৭ দশমিক ৮। গত শনিবার সকালে আগের ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী, সংক্রমণের এ হার ছিল ১৭ দশমিক ৬৭। সেদিন শনাক্তের সংখ্যা ছিল ৭৩, তবে শনিবার কারও মৃত্যু হয়নি।

আজ সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে মোট করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহে ২৩৬ জন, নেত্রকোনায় ২৫, জামালপুরে ২৭ ও শেরপুরে ৪৫ জন রয়েছেন। যে দুজনের মৃত্যু হয়েছে, তাঁদের বাড়ি ময়মনসিংহে। মহামারি শুরুর পর ময়মনসিংহ বিভাগে করোনায় ৬১৪ জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নতুন ১৭ জন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৫ জন। আজ সকাল পর্যন্ত হাসপাতালটির করোনা ইউনিটে ৬৫ জন রোগী ভর্তি রয়েছেন।