৩৪ মণের ‘দক্ষিণের নবাব’, দাম ১৬ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন ঈদুল আজহায় মাদারীপুরের পশুর হাট মাতাতে প্রস্তুত ৩৪ মণ ওজনের ‘দক্ষিণের নবাব’।
ছবি: প্রথম আলো

আচার-আচরণ আর শৌখিনতায় তার নবাবি স্বভাব। খাওয়াদাওয়া, হাঁটাচলা থেকে ঘুম—সবকিছুই সে করে নবাবি কায়দায়। জন্ম আর বেড়ে ওঠা দেশের দক্ষিণাঞ্চলে। তাই মালিক শখ করে এর নাম রেখেছেন ‘দক্ষিণের নবাব’। এটা ৩৪ মণ ওজনের ফ্রিজিয়ান জাতের এক গরু।

দক্ষিণের নবাব উচ্চতায় ৬ ফুট আর দৈর্ঘ্যে ১০ ফুটের বেশি। বয়স প্রায় ছয় বছর। আসন্ন ঈদুল আজহায় মাদারীপুরের পশুর হাট মাতাতে প্রস্তুত গরুটি। এখন পর্যন্ত এর দাম হাঁকানো হয়েছে ১৬ লাখ টাকা।

গরুটির মালিক বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান শেখ। চাকরি থেকে অবসরে যাওয়ার আগে কুষ্টিয়া থেকে ১ লাখ ১৮ হাজার টাকায় ফ্রিজিয়ান জাতের ১০ মাস বয়সী একটি বাছুর কেনেন হাফিজুর। গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্বকান্দি শাখারপাড় এলাকায় গড়ে তোলেন নুসাইবা ডেইরি ফার্ম।

এই ফার্মে দেশি জাতের গরুর পরিচর্যার পাশাপাশি তিনি আদর–যত্নে বড় করেন ফ্রিজিয়ান জাতের গরুটি। ছোট থেকেই গরুটির আচারণ, খাবার খাওয়ার, চলাফেরা একটু অন্য রকম হওয়ায় হাফিজুর এর নাম দেন ‘দক্ষিণের নবাব’।

আজ সোমবার সকালে হাফিজুরের নুসাইবা ডেইরি ফার্মে গিয়ে দক্ষিণের নবাবকে দেখা গেল। নবাবকে সকালের খাবার খাওয়াতে ব্যস্ত খামারের পরিচর্যাকারী মো. হাসান। তিনি বলেন, প্রতিদিন ৪ থেকে ৫ বার খাবার দিতে হয় নবাবকে। খাবারের তালিকায় থাকে গমের খোসা, ছোলা, ভুট্টার গুঁড়ি আর খৈল। এ ছাড়া দৈনিক মাল্টা, কলা, আপেল, আম ও কাঁঠালসহ নানা জাতের ফল খায় নবাব। রাতের খাবারে থাকে ইসবগুলের ভুসি আর তোকমার দানা। আর গরমের দিনে সাবান–শ্যাম্পু দিয়ে দু-তিনবার গোসল করাতে হয় নবাবকে।

হাফিজুর বলেন, ‘নবাব আমার এতটাই পোষা যে আমি মোটরসাইকেল নিয়ে বাড়িতে এলেই ও ডাকাডাকি শুরু করে দেয়। আমি ওর মাথায় হাত বুলিয়ে আদর করে দিলে তবেই ডাকাডাকি থামায়। নবাবের সঙ্গে আমার খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। নবাবকে বিক্রি করব, এটা ভাবতেই আমার কান্না আসে। কিন্তু ওকে পালতে যে পরিমাণ খরচ, সেটি আর চালাতে পারছি না। ব্যাংক লোন নিয়ে আর কত দিন চলব! তাই কষ্ট হলেও মায়া কাটিয়ে নবাবকে বিক্রি করতে হবে।’

করোনার কারণে কোরবানির পশুর হাট বসা নিয়ে অনিশ্চয়তা আছে। তাই নবাবকে ভালো দামে বিক্রি করতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আর ইউটিউবে চলছে ব্যাপক প্রচারণা। নবাব ছাড়াও নুসাইবা ডেইরি ফার্মের আরও কয়েকটি গরু বিক্রির জন্য প্রচারণা চালানো হচ্ছে।

হাফিজুর বলেন, করোনার কারণে গরু বিক্রি নিয়ে শঙ্কায় আছেন তিনি। তাই বসে না থেকে ইন্টারনেটের মাধ্যমে গরু বিক্রির চেষ্টা করছেন। ইতিমধ্যে কয়েকজন ক্রেতা আগ্রহ দেখিয়েছেন। তবে এখন পর্যন্ত একটিও বিক্রি হয়নি। সবাই গরু দেখতে আসার কথা জানিয়েছেন। ক্রেতা খামারে আসবেন এখন সেই অপেক্ষাতেই আছেন হাফিজুর।