৩৫ কিলোমিটার সড়কে খানাখন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারে মহেশখালী উপজেলার ব্যস্ততম দুটি সড়কের প্রায় ৩৫ কিলোমিটার এলাকার পিচঢালাই উঠে গিয়ে গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। সড়ক ভেঙে যাওয়ায় যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে। এতে ভোগান্তির শিকার হচ্ছে উপজেলার বাসিন্দারা।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার ষাইটমারা, বারিয়ারপাড়া, শাপলাপুর বাজার এলাকা, পানিরছড়া, কালালিয়াকাটা, ছনখোলাপাড়া, টাইমবাজার, হরিয়াছড়া, রাজুয়ারঘোনা, ডেইল্যাঘোনা, আঁধারঘোনা, নোনাছড়ি, মাইজপাড়া ও উত্তরনলবিলা এলাকার বিভিন্ন স্থানে সড়কের পিচঢালাই উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত।
২৭ কিলোমিটার দীর্ঘ উপজেলার গোরকঘাটা-জনতাবাজার সড়কের ১৬ কিলোমিটার ও সমান দৈর্ঘে্যর গোরকঘাটা-শাপলাপুর-জনতাবাজার সড়কের ১৯ কিলোমিটার এলাকা ভেঙে গেছে। তবে গোরকঘাটা-শাপলাপুর সড়কের কয়েকটি স্থানে সংস্কার করতে দেখা গেছে।
কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়ার বাসিন্দা এহেতাশামূল হক বলেন, সম্প্রতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়কের বিভিন্ন স্থানে ভেঙে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির কাসেম চৌধুরী জানান, ভাঙা সড়ক সংস্কারের বিষয়ে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় একাধিকবার প্রস্তাব উত্থাপন করেও কোনো কাজ হয়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম বলেন, ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে গোরকঘাটা-জনতাবাজার সড়কের পাশাপাশি প্রায় ৫০টি গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। এ কারণে এলাকার লোকজন ভোগান্তির শিকার হচ্ছে।
সহকারী প্রকৌশলী গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস বলেন, গোরকঘাটা-জনতাবাজার সড়কের ২৭ কিলোমিটার সড়কের বেশির ভাগ অংশই ভেঙে গেছে। তবে ভাঙা সড়ক সংস্কারের জন্য প্রায় সাড়ে আট কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং সংস্কারকাজও চলছে।
সড়ক ও জনপদ বিভাগের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী কে এম নুর ই আলম বলেন, উপজেলার বিভিন্ন সড়কের অবস্থা খুবই নাজুক অবস্থা। তার মধ্যে আট কিলোমিটার সড়ক সংস্কারের ইতিমধ্যে পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আরও আট কিলোমিটার সড়ক সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।