ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি ও পাহাড়ি ঢলের ফলে শেরপুর জেলায় সৃষ্ট বন্যায় ২৫ কোটি টাকার ফসল নষ্ট হয়েছে। এতে জেলার সদর, শ্রীবরদী, ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও নকলা উপজেলার প্রায় ৩৬ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ৫ উপজেলার ১ হাজার ৮৬৯ হেক্টর জমির রোপা আমন বীজতলা, সবজি আবাদ, পাট, আউশ ও রোপা আমন ধান সম্পূর্ণরূপে বিনষ্ট হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, চলতি মৌসুমে জেলায় ৫ হাজার ৩৫০ হেক্টর জমিতে রোপা আমন বীজতলা, ৪ হাজার ৭৯০ হেক্টর জমিতে শাকসবজি, ১ হাজার ৭২৫ হেক্টর জমিতে পাট, ৮০০ হেক্টর জমিতে আউশ ও ১৮ হাজার ১১০ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদ করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক বন্যায় ৮৪২ হেক্টর জমির আমন বীজতলা, ৫৪০ হেক্টর জমির শাকসবজি আবাদ, ৮৩ হেক্টর জমির পাট, ২৯০ হেক্টর জমির আউশ ও ১১৪ হেক্টর জমির রোপা আমন আবাদ সম্পূর্ণরূপে বিনষ্ট হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৩৫ হাজার ৭২২।
খেতে বেগুনের গাছগুলা বাইড়া উঠছিল। কিছু গাছে বেগুনও ধরছিল। কিন্তু বন্যার পানির স্রোতে এক রাইতেই পুরা আবাদ নষ্ট হইয়া গেছে। এখন সরকার থাইক্যা সাহায্য না দিলে আবার আবাদ করা সম্ভব হইব না।
কৃষি বিভাগের হিসাবমতে, এই প্রাকৃতিক দুর্যোগে জেলায় ৬ হাজার ৪৮০ মেট্রিক টন শাকসবজি, ৭৮৩ মেট্রিক টন আউশ ধান, ৩১৯ মেট্রিক টন রোপা আমন ধান ও ১৬৬ মেট্রিক টন পাটের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে টাকার অঙ্কে কৃষকের ফসলের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২৫ কোটি ৩৩ লাখ।
শেরপুরের সবজিভান্ডার হিসেবে খ্যাত সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের চকশাহাব্দী গ্রামের কৃষক দুদু মিয়া বলেন, তিনি ২ শতাংশ জমিতে আমন বীজতলা আর আধা একর জমিতে সবজি আবাদ করেছিলেন। খরচ হয়েছিল প্রায় ২০ হাজার টাকা। কিন্তু বন্যায় সব নষ্ট হয়ে গেছে। এখন সরকার থেকে বিনা মূল্যে ধানবীজ আর সবজিবীজ না দিলে পুনরায় আবাদ করতে পারবেন না। উপজেলার জঙ্গলদী পূর্বপাড়া গ্রামের কৃষক মো. আজিমউদ্দিন বলেন, ‘৫০ শতাংশ জমিতে বেগুনের আবাদ করছিলাম। এ জন্য খরচ হইছিল প্রায় ৩০ হাজার টাকা। খেতে বেগুনের গাছগুলা বাইড়া উঠছিল। কিছু গাছে বেগুনও ধরছিল। কিন্তু বন্যার পানির স্রোতে এক রাইতেই পুরা আবাদ নষ্ট হইয়া গেছে। এখন সরকার থাইক্যা সাহায্য না দিলে আবার আবাদ করা সম্ভব হইব না।’
চরমোচারিয়া ইউনিয়নের টালিয়াপাড়া গ্রামের কৃষক মানিক সেখ বলেন, এক একর জমিতে পাট ও সবজি আবাদ করেছিলেন। বন্যায় সব নষ্ট হয়ে গেছে। কৃষির ওপরই তাঁর সংসার চলে। তাই সরকারি সাহায্য না পেলে সংসার চালানো ও আবাদ করা অসম্ভব হয়ে পড়বে। এখন সামনের দিনগুলো কীভাবে চলবে, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের অতিরিক্ত উপরিচালক মো. গোলাম রসুল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক বন্যায় কৃষকদের ক্ষয়ক্ষতির তথ্য কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সরকারি সাহায্য বা অনুদান পাওয়া যায়নি। তবে স্থানীয়ভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের বন্যা-উত্তর কৃষি পুনর্বাসনের লক্ষ্যে ৫০ একর জমিতে রোপা আমন বীজতলা ও ১০০টি ভাসমান বীজতলা তৈরি করা হয়েছে। এ ছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কৃষকদের জন্য সবজিবীজ প্রদানের চাহিদা পাঠানো হয়েছে। আশা করা যায়, রবি মৌসুমের আগেই সরকার থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া যাবে।