৩৮ কোটি ৭১ লাখ টাকা আত্মসাৎ, দুদকের ১৫ মামলা
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের ৩৮ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৯০২ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে দুজন সরকারি কর্মকর্তা ও আটজন ঠিকাদার রয়েছেন। দুই সরকারি কর্মকর্তা গত বছরের শেষ দিকে বরখাস্ত হন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট জেলা সমন্বিত কার্যালয়ে ১৫টি মামলা করা হয়। মামলার বাদী দুদক সিলেট জেলা কার্যালয়ের উপপরিচালক নূর-ই-আলম। প্রায় ছয় মাস তদন্তের পর তিনি ১০ জনের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশ প্রতারণা, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ও ভুয়া বিল-ভাউচার তৈরি করে প্রকল্পের ৩৮ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৯০২ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছেন। মঙ্গলবার রাতে এ মামলা করা হয়। বুধবার দুপুরে সিলেট জেলা দায়রা জজ আদালতে মামলার এজাহার দেওয়া হয়।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের সাবেক সহকারী প্রধান হিসাবরক্ষক ও হিসাব বিভাগীয় প্রধান বর্তমানে বরখাস্তকৃত খোন্দকার মুহাম্মদ ইকবাল (৪১), সাবেক রসায়নবিদ বর্তমানে বরখাস্তকৃত নেছার উদ্দিন আহমদ (৬০), ঠিকাদারি প্রতিষ্ঠান ঢাকার মেসার্স টিআইন ইন্টারন্যাশনালের মালিক হালিমা আক্তার (৩৯), ফেঞ্চুগঞ্জের মেসার্স রাফী এন্টারপ্রাইজের মালিক মো. নূরুল হোসেন (৪৬), চট্টগ্রামের ফালগুনী ট্রেডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম ইসমাইল খান (৫১), ঢাকার মেসার্স আয়মান এন্টারপ্রাইজের মালিক সাইফুল হক (৪৭), ফেঞ্চুগঞ্জের মেসার্স এন আহমদ অ্যান্ড সন্সের মালিক নাজির আহমদ (৫৮), নোয়াখালীর মেসার্স মা এন্টারপ্রাইজের মালিক মো. হেলাল উদ্দিন (৪১), কুমিল্লার মেসার্স ড্যাফোডিল ইন্টারন্যাশনালের মালিক মো. জমশেদুর রহমান খন্দকার (৩৪), ফেঞ্চুগঞ্জের মেসার্স সাকিব ট্রেডার্সের মালিক মো. আহসান উল্লাহ চৌধুরী (৫৪)।
দুদক সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নূর-ই-আলম বলেন, দীর্ঘ ছয় মাস তদন্তের পর জালিয়াতি ও আত্মসাতের অভিযোগের রেকর্ডপত্র সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে প্রমাণিত হওয়ায় ১০ জনের বিরুদ্ধে পৃথক ১৫টি মামলা করা হয়েছে। মামলার এজাহার বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পরবর্তীকালে আরও তদন্ত করে দুর্নীতি ও আত্মসাতের ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদের আসামি করা হবে।