৪ ইউনিয়নে আ.লীগের একাধিক ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউপি নির্বাচন
প্রতীকী ছবি

পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল বৃহস্পতিবার। এদিন চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ৭ প্রার্থীসহ ৫০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে দলীয় মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগের একাধিক ‘বিদ্রোহী’ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এতে দলীয় প্রার্থীর নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৭টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে ৫০ জন, সংরক্ষিত নারী সদস্যপদে ১০৯ জন ও সাধারণ সদস্যপদে ২৭০ জন মনোনয়নপত্র দাখিল করেন।

উপজেলার ৭ ইউনিয়নের কয়েকটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত একাধিক প্রার্থী ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন ঝিনাইগাতী ইউপির বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. মোফাজ্জল হোসেন, ধানশাইল ইউপির বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম, কাংশা ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আনার উল্ল্যাহ, হাতীবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. ফসিউর রহমান, সদস্য ইমরান সরকার, রফিকুল ইসলাম ও মো. আসলাম।

সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী ইউনিয়ন থেকে মোফাজ্জল হোসেন, ধানশাইল ইউনিয়ন থেকে শফিকুল ইসলাম, কাংশা ইউনিয়ন থেকে মো. আনার উল্ল্যাহ এবং হাতীবান্ধা ইউনিয়ন থেকে ফসিউর রহমান, ইমরান সরকার, রফিকুল ইসলাম ও মো. আসলাম প্রার্থী হয়েছেন। তাঁরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

মোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, তিনি দুবারের নির্বাচিত চেয়ারম্যান। এবারও দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু মনোনয়ন না পাওয়ায় ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা প্রথম আলোকে বলেন, এবারের নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে জনপ্রিয় নেতারা বাদ পড়েছেন। এমনকি দলে নবীন বা বিএনপি পরিবারের সদস্য এমন ব্যক্তিদেরও দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এতে দলের অনেক নেতা-কর্মীর মধ্যে অসন্তোষ বিরাজ করছে। তাই ‘বিদ্রোহী’ প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার না করলে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম এ ওয়ারেজ নাইম বলেন, ইউনিয়ন আওয়ামী লীগ থেকে প্রার্থীদের যে তালিকা দেওয়া হয়েছে, সেটিই জেলা আওয়ামী লীগের মাধ্যমে কেন্দ্রে পাঠানো হয়েছে। দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী যাঁকে যোগ্য মনে করেছেন, তাঁকেই মনোনয়ন দিয়েছেন। তথাপি যাঁরা ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন, তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য দলের পক্ষ থেকে অনুরোধ করা হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম আজ সকালে প্রথম আলোকে বলেন, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ১২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ ডিসেম্বর। আর ভোট গ্রহণ করা হবে আগামী ৫ জানুয়ারি।