৪ কোটি টাকার ক্রিস্টাল মেথ ফেলে পালাল পাচারকারী
কক্সবাজারের টেকনাফে ৮০০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইসভর্তি ব্যাগ ফেলে জঙ্গলে পালিয়েছেন এক পাচারকারী। বাংলাদেশ কোস্টগার্ডের (বিসিজি) সদস্যরা বলেন, এই পরিমাণ আইসের দাম প্রায় চার কোটি টাকা।
গতকাল শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের মিঠা পানির ছড়া মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন এলাকা থেকে কোস্টগার্ডের সদস্যরা এসব আইস জব্দ করেন। বিজ্ঞপ্তির মাধ্যমে আজ রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দপ্তরের গোয়েন্দা পরিদপ্তর শাখার গণমাধ্যম কর্মকর্তা লে. কমান্ডার বি এন আবদুর রহমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মধ্যরাতে বিসিজির টেকনাফ স্টেশনের কমান্ডার সৈয়দ তৈমুর পাশার নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় সাগরপাড় থেকে এক ব্যক্তিকে শপিংব্যাগ হাতে মেরিন ড্রাইভের দিকে আসতে দেখা যায়। লোকটির গতিবিধি সন্দেহজনক হওয়াই টর্চলাইট ও বাঁশির মাধ্যমে থামার সংকেত দেওয়া হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি ব্যাগ ফেলে জঙ্গলের দিকে দৌড়ে পালিয়ে যান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ব্যাগটি উদ্ধার করা হলে এর ভেতর ৮০০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস পাওয়া যায়। এর আনুমানিক বাজারমূল্য চার কোটি টাকা। উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।