কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র, ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলরদের শপথ হতে পারে আগামী ৪ জুলাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিটি মেয়র আরফানুল হক রিফাতকে শপথবাক্য পাঠ করাবেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম ৩৬ জন কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করাবেন।
জানতে চাইলে কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম আজ বুধবার রাত সোয়া ১০টায় প্রথম আলোকে বলেন, ‘৪ জুলাই শপথ হওয়ার কথা জেনেছি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমোদন দেওয়া হয়েছে। এখন স্থানীয় সরকার মন্ত্রণালয় চিঠি দেবে। তবে আমরা এখনোও কোনো চিঠি পাইনি। কাল বৃহস্পতিবারই চিঠি পেয়ে যাব।’
সামাজিক যোগাযোগমাধ্যমেও নির্বাচিত কয়েকজন কাউন্সিলররা ৪ জুলাই শপথের দিনক্ষণের কথা উল্লেখ করে পোস্ট দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত ৫০ হাজার ৩১০ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হন। ১৬ জুন আরফানুল হককে সরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। ২৩ জুন বাংলাদেশ গেজেটে মেয়রসহ নবনির্বাচিত কাউন্সিলরদের নামের তালিকা প্রকাশিত হয়।
উল্লেখ্য, ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা হয়। ২০১২ সালের ৫ জানুয়ারি সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে বিএনপি নেতা মো. মনিরুল হক সাক্কু ও ২০১৭ সালের ৩০ মার্চ বিএনপির মনোনীত মেয়র প্রার্থী হিসেবে মনিরুল হক দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। এবার ৩৪৩ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী মনিরুল আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হকের কাছে পরাজিত হন। আরফানুল কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো আওয়ামী লীগ থেকে মেয়র হন। তিনি কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের অনুসারী। আরফানুল কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।