নেত্রকোনার বারহাট্টা
৪ বছর ধরে গোয়ালঘরে থাকে পরিবারটি
ভূমিহীন দিনমজুর কামরুল সরকারি কোনো ঘর পাননি। বাধ্য হয়ে অন্যের গোয়ালঘরে থাকেন।
নিজের জমি ও ঘরবাড়ি না থাকায় প্রতিবেশীর গোয়ালঘরের অর্ধেক অংশে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বসবাস করছেন কামরুল ইসলাম (৪৩)। প্রায় চার বছর ধরে গোয়লঘরেই তাঁদের বসবাস। এর আগেও অন্যের বাড়িতে থাকতেন। তবে ভূমিহীন দিনমজুর কামরুল সরকারি কোনো ঘর পাননি।
কামরুল ইসলাম নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মৃত ছাত্তার মিয়ার ছেলে। গ্রামের দক্ষিণপাড়ায় খাইরুল মিয়ার গোয়ালঘরে পরিবার নিয়ে বসবাস করেন কামরুল। কামরুল-সুখিলা দম্পতির এক ছেলে, দুই মেয়ে। ছেলে জয় ইসলাম (১২) রাজমিস্ত্রির জোগালির কাজ করে। দুই মেয়ে স্মৃতি আক্তার (৬) ও ইতি আক্তার (৫) স্থানীয় ধারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুশ্রেণিতে পড়ে। স্ত্রী সুখিলা আক্তার রাস্তায় মাটি কাটার কাজ করেন।
সুখিলা আক্তার বলেন, ‘প্রধানমন্ত্রী গরিব মাইনষেরে মাগনা ঘর দিতাছে। একটা ঘরের লাইগ্যা মেম্বর-চেয়ারম্যানের কাছে অনেক বার গেছি। তাঁরা আশা দিলেও কাম হইছে না। গোবরের গন্ধের মধ্যে থাহা কষ্ট লাগে।’
এ বিষয়ে জানার জন্য সিংধা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য লালন মজুমদারের মুঠোফোনে কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তবে ইউপি চেয়ারম্যান নাসিম তালুকদার বলেন, ‘নতুন তালিকা হলে এবার কামরুলের নাম প্রথমে রাখা হবে।’
মল্লিকপুর গ্রামের বাসিন্দা আমিরুল ইসলাম, কাঞ্চন মিয়া, মরিয়ম আক্তার জানান, কামরুল এই গ্রামে সবচেয়ে গরিব। তাঁর কিছুই নেই। অসহায় বলেই প্রতিবেশীর গোয়ালঘরে থাকতে হয়। একটি সরকারি ঘর তাঁদের প্রাপ্য।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় আট ফুট দৈর্ঘ্য ও ছয় ফুট প্রস্থ ঘরে বিদ্যুৎ-সংযোগ না থাকায় রাতের বেলায় অন্ধকারে থাকতে হয়। ভাঙা টিনের ঘরটির পাশের কক্ষে বাড়ির মালিকের গরু থাকায় গোবরের দুর্গন্ধের মধ্যে জীর্ণ পরিবেশে থাকতে হচ্ছে তাঁদের। নেই কোনো স্বাস্থ্যসম্মত টয়লেট। কামরুলের শ্বশুরবাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা এলাকায়। তাঁদের অবস্থা ভালো না হওয়ায় জামাতার পাশে দাঁড়াতে পারেননি। কামরুলের অন্য দুই ভাই আঙ্গুর মিয়া ও আরদ মিয়ার অবস্থাও ভালো নয়।
বারহাট্টায় এখন তৃতীয় পর্যায়ে ৩০টি সরকারি ঘরের নির্মাণকাজ চলছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম। তিনি বলেন, এর আগেও ৭০টি ঘর তৈরি করে হস্তান্তর করা হয়েছে। ভূমি ও গৃহহীন কামরুলের বিষয়টি তিনি শুনেছেন। আবেদন করলে নতুন ঘরের বরাদ্দ পেলে একটি ঘরের ব্যবস্থা করা হবে।
একটি সরকারি ঘরের জন্য কামরুল বেশ কয়েকবার সিংধা ইউপির সদস্য ও চেয়ারম্যানের কাছে যোগাযোগ করেছিলেন। কিন্তু ঘর তাঁর জোটেনি। কামরুল বলেন, ‘নিজের ঘর, জায়গাজমি—কিছুই নাই। চার বছর ধইরা প্রতিবেশীর গোয়াইলঘরের মাঝখানে টিনের বেড়া দিয়া থাহি। এর আগেও মাইনষের বাড়িতে থাকতাম। পরে সেখান থাইক্কা তাড়াইয়া দিছে। আমার একটা আশ্রয় যদি হইত, তাইলে শান্তিতে থাকতা ফারতাম।’ বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক বলেন, ‘কামরুল ইসলাম হয়তো সরকারি ঘরের জন্য আবেদন করেননি। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখব, তাঁর জন্য কী করা যায়।’
বারহাট্টায় এখন তৃতীয় পর্যায়ে ৩০টি সরকারি ঘরের নির্মাণকাজ চলছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম। তিনি বলেন, এর আগেও ৭০টি ঘর তৈরি করে হস্তান্তর করা হয়েছে। ভূমি ও গৃহহীন কামরুলের বিষয়টি তিনি শুনেছেন। আবেদন করলে নতুন ঘরের বরাদ্দ পেলে একটি ঘরের ব্যবস্থা করা হবে।