৪০ কিলোমিটার স্কেটিং করে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে কক্সবাজারের টেকনাফে ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ২০টি স্কেটিং দল। গতকাল বৃহস্পতিবার টেকনাফ স্কেটিং ক্লাবের পক্ষ থেকে এই আয়োজন করা হয়।

টেকনাফ স্কেটিং ক্লাবেব দলপতি ফয়সাল সাফি প্রথম আলোকে বলেন, টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের সাবরাং জিরো পয়েন্ট থেকে বাহারছড়ার শামলাপুর পর্যন্ত ৩১ কিলোমিটার এবং সাবরাং জিরো পয়েন্ট থেকে টেকনাফ উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত ৯ কিলোমিটার পথ স্কেটিং করেন ক্লাবের সদস্যরা।

ফয়সাল সাফি আরও বলেন, এ সময় স্কেটিংয়ে অংশ নেওয়া প্রত্যেকের হাতে ছিল লাল–সবুজ জাতীয় পতাকা ও ফুলের মালা। বিকেল চারটার দিকে স্কেটিং দলটি টেকনাফ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানায়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী প্রথম আলোকে বলেন, এই উদ্যোগটি ব্যতিক্রমী ছিল। শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এই আয়োজন সকলেই মনে রাখবেন। তবে এই আয়োজন সম্পর্কে আগে থেকে জানা ছিল না। জানলে স্কেটিং দলটিকে সংবর্ধনা দেওয়া হতো।