কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় নিজ বাড়ি থেকে ২ সন্তানসহ গৃহবধূ হত্যার পর ৪১ দিন পার হয়ে গেলেও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উল্টো আসামিরা মামলা তুলে নিতে নিহত গৃহবধূর পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছেন এবং হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
গত বছরের ২২ ডিসেম্বর উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর নাপিতখালী গ্রামে নিজ বাড়ির কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় জিশান আক্তার (২৩) এবং খাটের ওপর থেকে জিশানের দুই মেয়ে জাবিন (৫) ও জেরিনের (২) লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জিশান ওই গ্রামের শহিদুল হকের স্ত্রী।
এ ঘটনার পর গত ২৫ ডিসেম্বর রাতে নিহত জিশানের মা মোহছেনা আক্তার বাদী হয়ে শহিদুল হক, শহিদুলের বড় ভাই জিয়াউল হক ও জিয়াউলের স্ত্রী লুৎফা আক্তারকে আসামি করে ঈদগাঁও থানায় হত্যা মামলা করছেন। মামলায় এজাহারে উল্লেখ করা হয়েছে, যৌতুকের জন্য জিশান ও তাঁর দুই মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে মামলার আসামিরা গা ঢাকা দিয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
জানতে চাইলে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হালিম প্রথম আলোকে বলেন, যৌতুকের জন্য জিশান ও তাঁর দুই মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে হত্যার মূল কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে আছেন। তাঁদের কেউ মুঠোফোন ব্যবহার করছেন না। তারপরও আসামিদের ধরার চেষ্টা চলছে।
খোঁজ নিয়ে জানা গেছে, দোতলা বাড়ির নিচতলায় জিয়াউল এবং দ্বিতীয় তলায় শহিদুল হক পরিবার নিয়ে থাকতেন। নিহত জিশান ঈদগাঁও সদর ইউনিয়নের ভোমরিয়াঘোনা এলাকার সৌদিপ্রবাসী নুরুল কবিরের মেয়ে। ২০১৬ সালের শহিদুল হকের সঙ্গে বিয়ে হয় জিশানের। জিশানের পরিবারের দাবি, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে শহিদুল তাঁর স্ত্রীর ওপর অত্যাচার-নির্যাতন করতেন।
জিশানের মা মোহছেনা আক্তার অভিযোগ করে বলেন, শহিদুল লবণের ব্যবসার কথা বলে তিন লাখ টাকা ধার নিয়েছিল। এরপর আরও টাকা এনে দেওয়ার জন্য স্ত্রীর ওপর নির্যাতন শুরু করে। নির্যাতন সইতে না পেরে জিশান একাধিকবার বাবার বাড়িতেও চলে এসেছিলেন। এ নিয়ে একাধিকবার বিচার-সালিসও হয়েছে। সবশেষ গত বছরের ১৯ ডিসেম্বর দুই লাখ টাকার জন্য জিশানকে মারধর করে মায়ের কাছে ফোন করতে বাধ্য করেন শহিদুল। টাকা না পেয়ে শহিদুল ও তাঁর পরিবারের লোকজন জিশান ও তাঁর দুই মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন বলে দাবি করেন তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা ও ঈদগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, এটি স্পর্শকাতর মামলা। নিহত গৃহবধূর ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। এটা হত্যা নাকি শিশুদের হত্যার পর মা আত্মহত্যা করেছেন, সেটি খতিয়ে দেখা হচ্ছে। মামলার অভিযুক্ত ব্যক্তিরাও কেউ এলাকার নেই। তাই তাঁদের ধরতে সময় লাগছে।
তবে ঘটনার দিন থেকেই পুলিশের আচরণ ‘রহস্যজনক’ বলে দাবি করছেন মামলার বাদী মোহছেনা আকতার। তাঁর অভিযোগ, মামলা তুলে নেওয়ার জন্য আসামিরা তাঁদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন এবং হত্যার হুমকি দিচ্ছেন। বিষয়টি পুলিশকে জানানো হলেও কোনো লাভ হয়নি।
এ প্রসঙ্গে ঈদগাঁও থানার ওসি আবদুল হালিম বলেন, মামলার বাদীপক্ষকে হুমকি বা ভয়ভীতি দেখানোর ব্যাপারে পুলিশকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবু বিষয়টি খতিয়ে দেখা হবে।