৪১ মুক্তিযোদ্ধার উত্তরাধিকারীকে ভারতের বৃত্তি
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। এই সম্পর্ক যুগ যুগ ধরে টিকে থাকবে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আয়োজিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মুক্তিযোদ্ধা পরিবারের ৪১ জন শিক্ষার্থীকে গতকাল বৃত্তি দিয়েছে ভারতীয় হাইকমিশন। বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সবাই চট্টগ্রাম অঞ্চলের বাসিন্দা।
অনুষ্ঠানে অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক মাহফুজুর রহমান। বক্তব্য দেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা ও চট্টগ্রামে নিযুক্ত সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার।
অনুষ্ঠানে মন্ত্রী মোশাররফ হোসেন বলেন, মুক্তিযুদ্ধে ভারতের সাহায্য ছাড়া অল্প দিনে স্বাধীনতা পেত না বাংলাদেশ। মুক্তিযুদ্ধ চলার সময়ে ভারত এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল। দুই লাখ মুক্তিযোদ্ধাকে প্রশিক্ষণ দিয়েছিল।
হর্ষবর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধা ও ভারতীয় সেনারা একসঙ্গে রক্ত দিয়েছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্কের বীজ বপন করেছিলেন। বর্তমানে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করেছেন। ওই সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের পাঁচ বছরের ভিসাসহ নানা সুবিধা দেওয়ার ঘোষণা দেন। তারই অংশ হিসেবে এই বৃত্তি প্রদান করা হচ্ছে।
সভায় মুক্তিযুদ্ধ গবেষক মাহফুজুর রহমান বলেন, ভারত মুক্তিযুদ্ধের সময় যেমন বাংলাদেশর পাশে ছিল। এখনো পাশে রয়েছে। এই বৃত্তি বন্ধুত্বের স্বীকৃতি।
সোমনাথ হালদার বলেন, ‘আমরা একই সংস্কৃতির ধারক ও বাহক। সমস্যাগুলোও এক। বিভিন্ন সমস্যা মোকাবিলায় দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে।’