এক বছরের হিসাব
৪১৯টি ট্রান্সফরমার চুরি
পাঁচটি জেলা ও নয়টি উপজেলায় গত এক বছরে অন্তত ৪১৯টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এক রাতে ছয়টি ট্রান্সফরমার চুরির নজিরও আছে।
কোথাও শিকলে বেঁধে রাখা হচ্ছে, কোথাও বসানো হয়েছে পাহারা; কিন্তু কিছুতেই থামানো যাচ্ছে না ট্রান্সফরমার চুরি। খোঁজ নিয়ে দেখা গেছে, দেশের ১৪টি স্থানে গত এক বছরে অন্তত ৪১৯টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এসবের দাম প্রায় আড়াই কোটি টাকা। ট্রান্সফরমারগুলো পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) হলেও চুরি হওয়ার পর ভুগতে হয় কৃষকদেরই। নতুন ট্রান্সফরমার কেনার টাকা তাঁদেরই দিতে হয়।
ট্রান্সফরমার চুরি রোধে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় পবিস প্রচারপত্র বিলি ও মাইকিং করে থাকে। জনসচেতনতায় আয়োজন করা হয় বিভিন্ন সভা। কিন্তু এসবে কাজ হচ্ছে না। মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মোহাম্মদ আবু রায়হান দীর্ঘ ২৩ বছর ধরে বিদ্যুৎ খাতে চাকরি করছেন। তাঁর ভাষ্য, ট্রান্সফরমার চুরিতে যারা জড়িত, তাদের মধে৵ বেশির ভাগই পেশাদার চোর। শুধু বিদ্যুতের ট্রান্সফরমারই নয়, সুযোগ পেলে অন্যান্য জিনিসও চুরি করে থাকে তারা।
কত সংখ্যক ট্রান্সফরমার চুরি
প্রথম আলোর প্রতিনিধিরা খোঁজ নিয়ে জানান, পাঁচটি জেলা ও নয়টি উপজেলায় গত এক বছরে অন্তত ৪১৯টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এ সময়ে রাজবাড়ীতে চুরি হয়েছে ৯০টি ট্রান্সফরমার। ঠাকুরগাঁওয়ে চুরি হয়েছে ৫৫টি। একই সংখ্যক ট্রান্সফরমার চুরি হয়েছে সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জেও। ৬০টি ট্রান্সফরমার চুরি হয়েছে পঞ্চগড়ের দেবীগঞ্জে, রংপুরের বদরগঞ্জে চুরি হয়েছে ৫২টি। কোথাও কোথাও একই রাতে ছয়টি ট্রান্সফরমার চুরির ঘটনাও রয়েছে। এসব ট্রান্সফরমার ৫, ১০, ১৫, ২৫, ৩৭ ও ১০০ কিলো ভোল্ট (কেভি) ক্ষমতাসম্পন্ন। শক্তিভেদে এগুলোর দামও ভিন্ন। ট্রান্সফরমারে মূল্যবান তামার কয়েলসহ বিভিন্ন সরঞ্জাম থাকে। মূলত দামি কয়েলের কারণেই ট্রান্সফরমার চুরি হয়।
চুরির ভয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সরলিয়া গ্রামের একটি ট্রান্সফরমার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সম্প্রতি সেটিও চুরি হয়ে যায় বলে জানান স্থানীয় লোকজন। একই উপজেলার ধনতলা ইউনিয়নের পানিপুকুর তেগাছিয়া গ্রামের একটি ও নাউরিয়া পাড়ার প্রাথমিক বিদ্যালয়ের একটি ট্রান্সফরমার চুরি হয়েছে।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চালবন্দ গ্রামের বাসিন্দা কৃষক মহরম আলী বলেন, তাঁর নিজের জমিতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচ পাম্প ব্যবহার করেন। আবার ব্যবসায়িকভাবেও জেলার বিভিন্ন এলাকায় সেচকাজে তাঁর কয়েকটি সেচ পাম্প রয়েছে। এ জন্য পল্লী বিদ্যুতের ১২টি ট্রান্সফরমার রয়েছে তাঁদের সেচ এলাকায়। বিভিন্ন স্থানে ট্রান্সফরমার চুরির খবর শোনার পর তাঁরা নিজেদের উদ্যোগে ট্রান্সফরমার চুরি রোধে পাহারাদার বসিয়েছেন।
আর্থিক ক্ষতি
চুরি হওয়া বেশির ভাগ ট্রান্সফরমারই কৃষকদের জমিতে সেচের কাজে ব্যবহার করা হয়। তাই ক্ষতির বোঝা পড়ে তাঁদের ঘাড়েই। পবিসের নিয়মানুযায়ী, প্রথমবার চুরি হওয়া ট্রান্সফরমারের জায়গায় নতুন ট্রান্সফরমার পুনরায় স্থাপন করতে গ্রাহককে অর্ধেক মূল্য পরিশোধ করতে হয়। এরপর চুরি হলে ট্রান্সফরমারের পুরো মূল্যই দিতে হয় গ্রাহককে। চুরির কারণে বারবার ট্রান্সফরমার কিনতে গিয়ে কৃষকেরা লোকসানে পড়েন, যা কাটিয়ে উঠতে পারেন না অনেকে।
প্রভাব পড়ছে ফসল উৎপাদনেও
ট্রান্সফরমার চুরির কারণে আর্থিক ক্ষতি তো হয়ই, নেতিবাচক প্রভাব পড়ে ফসল উৎপাদনেও। সেচে ঘাটতি দেখা দেয়। ফলে আশানুরূপ ফলন পাওয়া যায় না। ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলেন, বোরো চাষের মৌসুমে এভাবে সেচ পাম্প ও ট্রান্সফরমার চুরি হওয়ায় সেচের কাজ ব্যাহত হয়। ফসল বাঁচাতে দ্রুত এসব ট্রান্সফরমার ও সেচ পাম্প কিনতে গিয়ে বেশি টাকা ব্যয় হয়। এতে কৃষকদের ভোগান্তির পাশাপাশি চাষাবাদ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
রাজবাড়ীর কালুখালী উপজেলার বালিয়াকান্দির বাসিন্দা সোহেল রানা বলেন, কয়েক মাস আগে বাঘুটিয়া এলাকা থেকে ট্রান্সফরমার চুরি হয়েছিল। এতে মাঠে সেচ দিতে কৃষকদের দুর্ভোগ পোহাতে হয়। বেশ কিছুদিন পরে নতুন ট্রান্সফরমার স্থাপন করা হয়। তত দিনে সেচ সরবরাহ বন্ধ থাকায় ফসলের উৎপাদন ভালো হয়নি।
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মফিজুর রহমান বলেন, গ্রীষ্মের সময় ট্রান্সফরমার বেশি চুরি হয়। এতে আর্থিক ক্ষতিসহ সেচ সমস্যায় পড়তে হয়। ফসলের খেতে ঠিকমতো সেচ দেওয়া যায় না।
পুলিশ নির্বিকার
ট্রান্সফরমার চুরি হলেও তা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নেই বললেই চলে। কৃষকেরা বিভিন্ন সময় থানায় অভিযোগ জমা দিলেও পরে এ বিষয়ে অগ্রগতি খুব একটা দেখা যায় না।
চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার চারটি গ্রাম থেকে দুই মাসেরও কম সময়ে অন্তত নয়টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এর মধ্যে গত ২২ জানুয়ারি এক রাতেই চুরি হয় ছয়টি ট্রান্সফরমার। এসব ঘটনায় দর্শনা ও আলমডাঙ্গা থানায় পৃথক চারটি মামলা দায়ের হলেও এসব উদ্ধার বা চোর চক্রের সদস্যদের ধরতে পারেনি পুলিশ। দর্শনা থানার ওসি লুৎফুল কবীর বলেন, চোর চক্রের সদস্যদের ধরতে অভিযান চলছে।
শেরপুরে সদর থানার ওসি মুনসুর আহাম্মদ ও নালিতাবাড়ী থানার ওসি বশির আহম্মেদ জানান, ট্রান্সফরমার চুরির ঘটনা তাঁরা গুরুত্ব দিয়ে তদন্ত করছেন। পবিস ঠাকুরগাঁও সদরের মহাব্যবস্থাপক আবু আশরাফ মো. ছালেহ্ বলেন, সম্প্রতি ট্রান্সফরমার চুরি বেড়ে গেছে। বিভিন্ন উদ্যোগ নিয়েও চুরি ঠেকানো যাচ্ছে না। এতে পবিস ও এর গ্রাহকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা]