খুলনা ও সাতক্ষীরার ৪৩টি গ্রাম এখনো প্লাবিত
সাতক্ষীরার দুটি উপজেলার ১৭ গ্রামে নোনা পানি প্রবেশ করছে। খুলনার চার উপজেলার বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে ২৬ গ্রাম।
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে খুলনা ও সাতক্ষীরা জেলার ৪৩টি গ্রাম এখনো পানিতে তলিয়ে আছে। বিভিন্ন স্থানে বাঁধ ভাঙা থাকায় জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে ওই সব গ্রাম। এসব এলাকার অনেকেই ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
সাতক্ষীরার চারটি উপজেলার ৩৭টি ইউনিয়ন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ ভেঙে ও উপচে প্লাবিত হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শ্যামনগর ও আশাশুনি উপজেলার ৭টি ইউনিয়ন। তবে বর্তমানে ২টি উপজেলার অন্তত ১৭টি গ্রামে সাগরের নোনা পানি প্রবেশ করছে। এর মধ্যে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ১০টি গ্রাম, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৪টি ও পদ্মপুকুর ইউনিয়নের ৩টি গ্রাম রয়েছে।
ইয়াসের প্রভাবে খুলনার চারটি উপজেলার বাঁধ ভেঙে ব্যাপক ক্ষতি হয়। সব কটি উপজেলার বাঁধ মেরামত হলেও কয়রা উপজেলার বিভিন্ন এলাকার বাঁধ এখনো মেরামত হয়নি। এ কারণে চারটি ইউনিয়নের অন্তত ২৬টি গ্রাম প্লাবিত হচ্ছে।
সাতক্ষীরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার দপ্তর থেকে জানা গেছে, শ্যামনগর উপজেলার পদ্মপুকুর, গাবুরা, বুড়িগোয়ালিনী, কৈখালি ও রমজাননগর, আশাশুনি উপজেলার প্রতাপনগর, শ্রীউলা, আশাশুনি সদর, খাজরা ও বড়দল, কালীগঞ্জের দক্ষিণ শ্রীপুর, কুশলিয়া, মথরেশপুর ও ধলবাড়িয়া এবং দেবহাটার পারুলিয়া ও দেবহাটা ইউনিয়ন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে অন্তত ২৫ হাজার মানুষ পানিবন্দী। এই এলাকার মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য অন্য স্থানে চলে যাচ্ছে।
প্রতাপনগর গ্রামের জাহাঙ্গীর আলম ও মর্জিনা খাতুন বলেন, গত বছর আম্পানে তাঁরা সর্বস্বান্ত হয়ে গেছেন। দুই মাস আগে ভিটায় ফিরেছিলেন। কিন্তু সেখানেও থাকতে পারলেন না। এবারের দুর্যোগে আবার তাঁদের সব হারিয়ে গেছে। এখন মাথাগোঁজার ঠাঁই নেই। এলাকায় কাজও নেই।
পদ্মপকুর ইউনিয়নের ঝাপা গ্রামের রহমত গাজী বলেন, বছর বছর দুর্যোগ আসে আর তাঁদের ঘরবাড়ি নদীতে চলে যায়। দীর্ঘদিন ধরে এলাকায় স্থায়ী ও টেকসই বাঁধের দাবি জানিয়েছেন। প্রাকৃতিক দুর্যোগ এলে কর্মকর্তারা এসে নানা প্রতিশ্রুতি দেন। কিন্তু কোনো কিছু বাস্তবায়ন হয় না। বর্তমানে তাঁদের এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এখন অন্য কোথাও চলে যাওয়া ছাড়া উপায় নেই।
খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের হরিহরপুর লঞ্চঘাট এলাকায় বাঁধের ওপর আশ্রয় নেওয়া সঞ্জয় সরকার বলেন, বাড়ির কাছের গাতিরঘেরি এলাকার বাঁধ ভেঙে তাঁদের বাড়ি ভাসিয়ে নিয়ে গেছে। বাড়ির অল্প কিছু মালামাল কোনো রকম নিতে পেরেছেন, বাকি সবই পানিতে ভাসিয়ে নিয়ে গেছে। পানি তোড়ে তাঁর মাছের ঘের ভেসে গেছে। এখন অনেকটা সর্বস্বান্ত হয়ে গেছেন তিনি।
ফসল ও মৎস্য খাতে ক্ষতি
সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মশিয়ার রহমান জানান, শ্যামনগর, আশাশুনি, কালীগঞ্জ ও দেবহাটা উপজেলার ৬ হাজার ৭৩২ হেক্টর জমির মাছের ঘের ভেসে গেছে। প্রাথমিকভাবে ক্ষতি হয়েছে প্রায় ১৬ কোটি টাকা।
এই জেলায় ফসলের তেমন কোনো ক্ষতি হয়নি। তবে খুলনা জেলায় ২ হাজার ৪৯৩ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে আউশ ৬২৫ হেক্টর, বোরো আমন ১ হাজার ২০০ হেক্টর, ৪০০ হেক্টর জমির আম, ১৬৫ হেক্টর জমির কলা ও ৯৫ হেক্টর জমির পেঁপের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাফিজুর রহমান।
জেলা মৎস্য কর্মকর্তা আবু সাইদ বলেন, ৫টি উপজেলার ২৪টি ইউনিয়নের ১ হাজার ২৬০টি পুকুর ও দিঘি, ৪ হাজার ৪৫ হেক্টর জমির চিংড়ির ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে।