৪৬৮ নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ, পদক পেলেন তিনজন
খুলনায় বাংলাদেশ নৌবাহিনীর ৪৬৮ জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রোববার খুলনার নৌঘাঁটি বানৌজা তিতুমীর প্যারেড গ্রাউন্ডে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও মার্চপাস্টের সালাম গ্রহণ করেন। পরে তিনি কৃতী নবীন তিন নাবিককে পদক দেন।
নৌবাহিনীর বি/২০২১ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মো. সুবায়ের সাদিক সিজান পেশাগত ও সব বিষয়ে সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। এ ছাড়া মো. নুরুল ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ এবং সিয়াম অহমেদ তৃতীয় স্থান অধিকার করে ‘তিতুমীর পদক’ অর্জন করেন।
নৌবাহিনীর প্রধান নবীন নাবিকদের প্রশিক্ষণ বিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য নাবিক হিসেবে গড়ে তোলা এবং ভবিষ্যৎ কর্মজীবনে এই প্রশিক্ষণ কাজে লাগিয়ে জাতীয় নিরাপত্তা ও অগ্রগতির পথে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
কুচকাওয়াজে সহকারী নৌপ্রধান (পার্সোনেল) রিয়ার অ্যাডমিরাল এম মাহবুব-উল ইসলাম, খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আনোয়ার হোসেন এবং খুলনা অঞ্চলের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, নাবিক ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।