৪৮ দিন পর করোনা রোগীর সংখ্যা ১৫ হাজারের নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৮ দিন পর খুলনা বিভাগে করোনা রোগীর সংখ্যা ১৫ হাজারের নিচে নেমেছে। রোববার বাসা ও হাসপাতাল মিলিয়ে বিভাগের ১০ জেলায় করোনা রোগী সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৭৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ২০ জন মারা গেছেন। এর মধ্য দিয়ে মৃত্যুর সংখ্যা ২ হাজার ৮০০ ছাড়াল। একই সময়ে নতুন ৪২০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়েছেন ৮১৪ জন। বিভাগে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৩ হাজার ৯৪২ জনের।

সূত্রটি আরও জানায়, সর্বশেষ গত ২৭ জুন হাসপাতাল ও বাসায় মিলে ১৪ হাজার ৫৭১ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। এরপর থেকে গতকাল শনিবার পর্যন্ত চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ১৫ হাজারের ওপরে ছিল। রোববার বাসা ও হাসপাতাল মিলিয়ে রোগীর সংখ্যা দাঁড়ায় ১৪ হাজার ৮৭৮ জন। তাঁদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৯৩৫ জন। অন্যরা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে মোট ২ হাজার ১৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ২১। গত ২৪ ঘণ্টায় যাঁদের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে ১২০ জনই খুলনার বাসিন্দা। এ ছাড়া ঝিনাইদহের ৯৪, কুষ্টিয়ায় ৪৭, যশোরে ৩০, বাগেরহাটে ৩০, চুয়াডাঙ্গায় ২৬, মেহেরপুরে ২৩ জন, নড়াইলে ১৮, মাগুরায় ১৬ ও সাতক্ষীরার ১৬ জন আছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৮১১। মৃত্যুর হার ২ দশমিক ৭। করোনায় মারা যাওয়া সর্বশেষ ২০ জনের মধ্যে খুলনার ৮ জন, কুষ্টিয়ার ৫ জন, মেহেরপুরের ৩ জন এবং বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইলের একজন করে রয়েছেন। বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৭১৩ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে কম মাগুরায় ৮২ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৬ হাজার ২৫৩ জন। শনাক্তের সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ৯৮।