ময়মনসিংহের গৌরীপুর
৪৯ বছর ধরে বিদ্যালয়ে যাওয়ার সড়ক নেই
কান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারদিকে বাবুল হোসেন নামের এক ব্যক্তির জমি।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। জাতীয়করণ হয় ২০১৩ সালে। প্রতিষ্ঠার পর ৪৯ বছর পার হয়ে গেলেও বিদ্যালয়ে যাওয়ার কোনো সড়ক নেই। পুকুরের পাড় ডিঙিয়ে ঝুঁকিপূর্ণ পথ দিয়ে যাতায়াত করতে হয় শিক্ষক ও শিক্ষার্থীদের। প্রায় পাঁচ দশক ধরে চলছে এ ভোগান্তি।
কান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারদিকেই গ্রামের বাবুল হোসেন নামের এক ব্যক্তির জমি। তাঁর কাছে বিদ্যালয়ের পক্ষ থেকে সড়কের জন্য জমি চাওয়া হলেও তিনি তা দিতে রাজি নন।
বাবুলের ভাষ্য, যদি তাঁর মেয়েকে বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরীর চাকরি দেওয়া হয়, তাহলে তিনি জমি দান করবেন।
গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন বলেন, ‘বিদ্যালয়ের সড়কের জন্য বাবুল হোসেনকে জমিদানে রাজি করানোর চেষ্টা করছি আমরা। তবে জমির বিনিময়ে মেয়েকে চাকরি দেওয়ার কোনো সুযোগ নেই। জমি অধিগ্রহণের সুযোগ আছে কি না, আমরা সে বিষয়ও দেখব।’
শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়ের মোট শিক্ষার্থী ১৪৩ জন। বিদ্যালয়ে যাওয়ার কোনো সড়ক না থাকায় মানুষের বাড়ির আঙিনা ও পুকুরপাড় ধরে যাতায়াত করতে হয়। শুকনো মৌসুমে যাতায়াত করা গেলেও বর্ষাকালে তা কঠিন হয়ে পড়ে। প্রতিষ্ঠার সময় স্থানীয় চারজন বিদ্যালয়ের জন্য জমি দান করেন। জমিতে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হলেও সড়কের জন্য কোনো জায়গা রাখা সম্ভব হয়নি।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক প্রভাতী বালা রক্ষিত বলেন, ‘সড়ক না থাকার বিষয়টি আমাদের জন্য খুবই ভোগান্তির ও কষ্টকর। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।’
একটি বিদ্যালয়ে যাতায়াতের জন্য সড়ক না থাকার বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেছেন গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদ নামে নাগরিক সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম। তিনি বলেন, তাঁরা বিদ্যালয়ে যাওয়ার জন্য সড়কের ব্যবস্থা করার জোরালো দাবি জানাচ্ছেন।