৪৯ বছর পথ চেয়ে আছেন তিনি
খবির উদ্দিন মিয়া শিক্ষকতা করতেন। যুদ্ধে যাওয়ার জন্য যুবক-তরুণদের উৎসাহ দিতেন। একাত্তরের ৬ ডিসেম্বর তাঁকে শেষবার দেখা যায়।
খবির উদ্দিন মিয়া শিক্ষকতা করতেন। তিনি রাজবাড়ী সদর খানগঞ্জ ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তরুণদের যুদ্ধে যাওয়ার জন্য উৎসাহ দিতেন। দিতেন প্রশিক্ষণ। ৫ ডিসেম্বর তাঁকে ধরে নিয়ে যায় রাজাকারেরা। তিনি আর ফিরে আসেননি। এই শহীদ বুদ্ধিজীবীর অপেক্ষায় এখনো পথ চেয়ে বসে আছেন তাঁর স্বজনেরা।
খবির উদ্দিন মিয়া রামদিয়া বিএমবিসি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। বিয়ে করেন সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামে। সেখানে বেলগাছি আলিমুজ্জামান বহুমুখী উচ্চবিদ্যালয়ে (বর্তমানে বেলগাছি আলিমুজ্জামান স্কুল অ্যান্ড কলেজ) শিক্ষকতা করতেন। প্রায় ১৮ বছর শিক্ষকতা করেছেন।
মহান মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর খবির উদ্দিন যুবক-তরুণদের সংগঠিত করতে থাকেন। বিদ্যালয়ের মাঠে বাঁশের লাঠি ও কাঠের বন্দুক দিয়ে প্রশিক্ষণ দিতে শুরু করেন। ব্যক্তিগতভাবে স্বাধীনচেতা হওয়ায় স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে তাঁর বৈরী সম্পর্ক ছিল। স্থানীয় এক রাজাকারের নির্দেশে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়। তিনি দুই ছেলে ও তিন সন্তানের জনক। তাঁর স্ত্রী জীবিত। বড় ছেলে মারা গেছেন।
গত ১৩ ডিসেম্বর মেজ ছেলে আবদুর রব মিয়া বাবার স্মৃতি রোমন্থন করতে গিয়ে বলেন, ‘আমি তখন সপ্তম শ্রেণির ছাত্র। আমার নানা ছিলেন ইউপি সদস্য। বৃদ্ধ। ওই দিন পাংশায় সরকারিভাবে বরাদ্দ করা রবিশস্যের বীজ দেওয়ার কথা ছিল। নানার পক্ষ থেকে আব্বাকে যেতে বলা হয়। আব্বা আমাকেও সঙ্গে নিয়ে যান। সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা নদীর পাড় ঘেঁষে হাঁটা পথে রওনা দিই। এ সময় আমাদের সঙ্গে এলাকার আরও আট-দশজন ছিলেন। গতমপুর বাজার পৌঁছানোর পর কিছু মুক্তিযোদ্ধা পথ আটকে দাঁড়ায়। তাঁরা বাবাকে পাংশা না যেতে অনুরোধ করেন। এ কথা শুনে আমাদের সঙ্গে থাকা কয়েকজন ভয়ে ফিরে আসেন।’
রব মিয়া আরও বলেন, পাংশা ছিল সুনসান। এখানে আসার পর তাঁর খালাতো ভাই, তিনি ও তাঁর বাবা ছাড়া অন্যরা চলে যান। তাঁরা একটি চায়ের দোকানে বসেন। এ সময় তাঁর বাবা তাঁকে ও তাঁর খালাতো ভাইকে বলেন, ‘তোমরা এখানে থাকো, আমি একটু পড়ে আসছি।’ এ কথা বলে তাঁর বাবা বাইরে যান।
পাংশা থেকে বীজ আনার কথা বলে বাড়ি থেকে বের হন আমার স্বামী। রাজাকারেরা তাঁকে ৫ ডিসেম্বর ধরিয়ে দেয়। পরদিন সকালে বেলগাছিতে আমার বাবাসহ অনেকেই তাঁকে দেখেছেন। তাঁকে আর্মিরা রাজবাড়ী নিয়ে যায়। কিছুদিন পরই দেশ স্বাধীন হয়। তিনি আর ফিরে আসেননি।
রব মিয়া আরও বলেন, ‘বিকেল চারটার দিকে চায়ের দোকানটি বন্ধ করে দেওয়া হয়। আমরা বাবাকে খুঁজতে থাকি। পাংশা শহর একেবারে নীরব। কারফিউ জারি করা হয়। রাস্তাঘাটে কোনো মানুষজন নেই। স্টেশনের কাছ থেকে পাকিস্তান সেনাবাহিনীর এক সদস্য আমাকে ধরে ফেলেন। এ সময় আমাদের এক আত্মীয় রাজাকার আবদুল লতিফ সেখানে উপস্থিত হন। আমাকে তাঁর (রাজাকার আবদুল লতিফ) ছোট ভাই বলে ছাড়িয়ে নিয়ে আসেন। আবদুল লতিফ জানান, “স্যার (খবির উদ্দিন) আমাদের কাছে আছেন। আগামীকাল সকালে বাড়ি নিয়ে আসব। তোমরা নদী পার হয়ে বাড়ি যাও।” রাত দুইটার দিকে বাড়ি আসি। ওই দিন রাতেই পাকিস্তানি সেনারা ট্রেনে পাংশা চলে যায়। এরপর বাবাকে আর কোথাও খুঁজে পাইনি।’
খবির উদ্দিনের স্ত্রী ছালেহা বেগম বলেন, ‘পাংশা থেকে বীজ আনার কথা বলে বাড়ি থেকে বের হন আমার স্বামী। রাজাকারেরা তাঁকে ৫ ডিসেম্বর ধরিয়ে দেয়। পরদিন সকালে বেলগাছিতে আমার বাবাসহ অনেকেই তাঁকে দেখেছেন। তাঁকে আর্মিরা রাজবাড়ী নিয়ে যায়। কিছুদিন পরই দেশ স্বাধীন হয়। তিনি আর ফিরে আসেননি। আমি নানা কষ্টে সন্তানদের বড় করেছি।’
বেলগাছি আলিমুজ্জামান স্কুল অ্যান্ড কলেজের সাবেক সহকারী শিক্ষক মুক্তিযোদ্ধা আবুল কালাম মো. মোস্তফা বলেন, ‘আমি স্যারের সরাসরি ছাত্র ছিলাম। ধারণা করা হয়, তাঁকে রাজবাড়ী নিয়ে হত্যা করা হয়েছে।’