৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর গ্রেপ্তার
খুলনার ডুমুরিয়া উপজেলায় পাঁচ বছরের এক মেয়েশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে মামলার পর ওই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।
মেয়েটির বাবা অভিযোগ করেন, বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে বাড়ি এসে বারান্দায় রাখা খাটের ওপর বসে পড়ছিল তার মেয়ে। এ সময় প্রতিবেশী এক কিশোর চুইংগাম দেওয়ার লোভ দেখিয়ে তাদের বাড়িতে নিয়ে তাঁর মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন চলে এলে ওই কিশোর দৌড়ে পালিয়ে যায়। মেয়েটির বাবা বলেন, ওই ঘটনার পর স্থানীয় লোকজনের চাপে তিনি থানায় যেতে পারেননি। এমনকি থানায় গেলে মারধর করারও হুমকি দেওয়া হয়। এসব কারণে ইচ্ছা থাকার পরও তিনি বৃহস্পতিবার মামলাটি করতে পারেননি।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে।