৫ মিনিট স্তব্ধ থাকবে নেত্রকোনা শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনায় বোমা হামলায় নিহত তিনজন। বাঁ থেকে – নেত্রকোনা উদীচীর সাবেক সহসাধারণ সম্পাদক খাজা হায়দার হোসেন, সাংগঠনিক সম্পাদক সুদীপ্তা পাল ও যাদব দাস
প্রথম আলো

আজ মঙ্গলবার নেত্রকোনা ট্র্যাজেডি দিবস। ২০০৫ সালের এ দিনে উদীচীর অনুষ্ঠানে এক আত্মঘাতী বোমা হামলায় আটজন নিহত হন। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত ৫ মিনিট স্তব্ধ থাকবে নেত্রকোনা শহর। এ সময় শহরের রাস্তায় চলবে না কোনো যানবাহন। পথচারীরা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে শোক জ্ঞাপন করবে।

ট্র্যাজেডি দিবস উদ্যাপন কমিটি এ কর্মসূচি হাতে নিয়েছে। আয়োজকেরা বলেন, সকাল ১০টা ৪০ বাজার সঙ্গে সঙ্গে সবাই নিজেদের রাস্তায় নেমে আসবে। শ্রদ্ধা জানাবে ৮ ডিসেম্বর বোমা হামলায় নিহত ব্যক্তিদের প্রতি। পাশাপাশি ঘৃণা জানাবে ধর্মান্ধ দেশদ্রোহী জঙ্গিগোষ্ঠীকে।

জেলা উদীচীর সহসভাপতি এবং ওই হামলায় আহত তুষার কান্তি রায় বলেন, ‘ভয়াবহ দিনটি এলে প্রতিবার আসামিদের রায় কার্যকরের আশ্বাস দেওয়া হয়। কিন্তু ঘটনার ১৫ বছরেও তা করা হয়নি। স্থানীয় দোসর ছাড়া এমন একটি ঘটনা ঘটানো কখনো সম্ভব হতো না। কিন্তু পুলিশ এখনো তাঁদের খুঁজে বের করতে পারেনি। আমরা চাই, স্থানীয়ভাবে যাঁরা এই হামলার সঙ্গে জড়িত, তাঁদেরও আইনের আওতায় আনা হোক।’

কমিটি সূত্রে জানা যায়, ২০০৫ সালে ৮ ডিসেম্বর সকালে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নেত্রকোনা জেলা সংসদ কার্যালয়ের সামনে চলছিল ৯ ডিসেম্বর নেত্রকোনা হানাদারমুক্ত দিবস উপলক্ষে অনুষ্ঠানের প্রস্তুতি। এমন সময় এক আত্মঘাতী বোমা হামলা করে জঙ্গিসংগঠন জেএমবি। এতে প্রাণ হারান নেত্রকোনা উদীচীর সাবেক সহসাধারণ সম্পাদক খাজা হায়দার হোসেন, সাংগঠনিক সম্পাদক সুদীপ্তা পাল, মোটরসাইকেল মেকানিক যাদব দাস, পুলিশ কর্মকর্তার স্ত্রী রানী আক্তার, মাছ বিক্রেতা আফতাব উদ্দিন, শ্রমিক রইছ মিয়া, ভিক্ষুক জয়নাল, আত্মঘাতী বোমা হামলাকারী আল বাকি মো. কাফিসহ আটজন। আহত হন অর্ধশতাধিক।

এরপর নানা নাটকীয়তায় হামলায় নিহত যাদব দাসকে বানানো হয় জঙ্গি। এমনকি জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজ্জামানও যাদবের বিরুদ্ধে বক্তব্য দেন। তাঁর কথায় পরিস্থিতি অন্য রূপ ধারণ করে। চলে যাদবের পরিবারসহ সংখ্যালঘু সম্প্রদায় ও সংস্কৃতিকর্মীদের ওপর নানা হয়রানি। তারপর গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিরা যাদব জঙ্গি নন, এর পক্ষে নানা প্রমাণ দেন। একপর্যায়ে মন্ত্রী তাঁর ভুল স্বীকার করেন।

থানা-পুলিশ জানায়, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করে। এর মধ্যে বিস্ফোরক আইনে জেএমবির কমান্ডার সালাউদ্দিন ওরফে সালেহীন ও সদস্য আসাদুজ্জামান নামের দুজনকে মৃত্যুদণ্ড দেন উচ্চ আদালত। আর দ্রুত বিচার আইনে যাবজ্জীবন হয়। তবে রায় কার্যকর হয়নি।
ট্র্যাজেডি দিবস উদ্যাপন কমিটির সদস্যসচিব ও উদীচীর সহসভাপতি মো. মাসুদুর রহমান খান জানান, করোনা পরিস্থিতিতে এবার অনুষ্ঠান কিছুটা সীমিত করা হয়েছে। তবে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ, ট্র্যাজেডি স্মৃতিস্তম্ভে ফুল দেওয়া, সকাল ১০টায় ছোট বাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন, শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাতের আয়োজন করা হয়েছে।