৫০ ট্রলারসহ শতাধিক জেলে অপহরণ!
কক্সবাজার সমুদ্র উপকূলে গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত চার দিনেই দস্যুরা অর্ধশত ট্রলারসহ শতাধিক জেলেকে অপহরণ করেছে। প্রতিটি ট্রলারের জন্য গড়ে তিন লাখ ও প্রত্যেক জেলের জন্য দুই লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হচ্ছে।
গতকাল শনিবার দুপুরে কক্সবাজার শহরের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন জেলা ফিশিংবোট মালিক সমিতির নেতারা। সংবাদ সম্মেলনে কক্সবাজার উপকূলে ৩৭ জলদস্যু বাহিনীর লুট ও অপহরণ বাণিজ্যের চিত্র তুলে ধরে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, সাগরে গণহারে দস্যুতা, লুটপাট, জেলেদের ওপর অত্যাচার-নির্যাতন আর অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় ট্রলারমালিক ও জেলে-শ্রমিকেরা দিশেহারা। গত চার দিনে শতাধিক জেলেসহ ছিনিয়ে নেওয়া ৫০টি ট্রলার উদ্ধার করা না হলে পরিস্থিতি খারাপ হবে।
মুজিবুর অভিযোগ করেন, জলদস্যু আতঙ্কে এ জেলার সাত হাজার ট্রলারের এক লাখের বেশি জেলে সাগরে নামতে ভয় পাচ্ছেন। অনেকে মাছ ধরা বন্ধ করে দিয়েছেন। দস্যুদের তৎপরতা বন্ধে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পাঠানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ বলেন, গত তিন বছরে দস্যু বাহিনীর হাতে অন্তত ১১ জেলে নিহত হয়েছেন। আহত হন চার হাজার জেলে ও শ্রমিক। কোস্টগার্ডের মাত্র ছয়জন সদস্য দিয়ে এ উপকূলে দস্যুদের ঠেকানো যাচ্ছে না।
বক্তারা ওই উপকূলে সক্রিয় ৩৭টি দস্যুবাহিনীর নাম প্রকাশ করে বিভিন্ন দাবি পেশ করেন। তাঁদের কথায়, বাহিনীগুলোর অধিকাংশ সদস্য কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ার বাসিন্দা।
ট্রলারসহ জেলে অপহরণের সাম্প্রতিকতম ঘটনাটি গত শুক্রবার ঘটে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ওই দিন সকালে সমুদ্র থেকে মাছ ধরে ফেরার পথে এফবি নাজমা নামের একটি ট্রলার ছিনতাই হয়। এ সময় ট্রলারটিতে ২১ জেলে ছিলেন। মহেশখালীর সোনাদিয়া এলাকায় জলদস্যু জাম্বু ও বাচ্চু বাহিনী হামলা চালায় ট্রলারটিতে। ২০ জেলেকে উপকূলে ফেরত পাঠানো হলেও ছিদ্দিক আহমদ নামের একজনকে ট্রলারসহ সুন্দরবনের রাজু বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এখন দস্যুরা ট্রলারসহ অপহৃত জেলের মুক্তিপণ বাবদ পাঁচ লাখ টাকা দাবি করছে।