প্রচণ্ড রোদের মধ্যে তরমুজখেতে পানি দেওয়ায় ব্যস্ত জাহাঙ্গীর বিশ্বাস। মোটর ব্যবহার করে দূর থেকে পাইপের মাধ্যমে পানি এনে রেখেছেন একটি বড় আকারের প্লাস্টিকের ড্রামে। সেখান থেকে বালতি ও মগের সাহায্যে অল্প অল্প পানি দিচ্ছেন তরমুজের চারায়। জাহাঙ্গীর যেখানে তরমুজের চাষ করছেন, সেটি খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর গ্রামের বেদেমারি বিল নামে পরিচিত। ওই বিলে ১ হাজার ২০০ একরের মতো জমির সবটাতেই চাষ হচ্ছে তরমুজ। সমস্যা একটাই, সেচের জন্য পর্যাপ্ত পানি নেই।
বেদেমারি বিলে বেশ কয়েকটি খালের শাখা–প্রশাখা রয়েছে। তবে অধিকাংশই এখন কাগজে-কলমে। খালের কোনো চিহ্ন সেখানে নেই। কিছু কিছু জায়গায় খালের অস্তিত্ব চোখে পড়লেও তাতে পানি ধরে রাখার মতো গভীরতা নেই। খালগুলোতে পানি থাকলে সেচ সমস্যা থেকে পরিত্রাণ পেতেন কৃষকেরা।
আঙুল উঁচিয়ে সামনের দিকে দেখিয়ে জাহাঙ্গীর বিশ্বাস বলেন, ওই যে দেখা যাচ্ছে, ওই খানে খাল ছিল। কিন্তু ভরাট হয়ে গেছে। সেখানে এখন মানুষের জমি। খালগুলো যদি বেশ গভীর করে খনন করে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করা যেত, তাহলে সেচের পানির জন্য চিন্তা করতে হতো না।
বেদেমারি বিলের মতো খুলনার বিভিন্ন উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য খাল পলি পড়ে ভরাট হয়ে গেছে। এতে খালগুলো পানিনিষ্কাশন ও পানি জমিয়ে রাখার ক্ষমতা হারিয়েছে। ফলে চাষাবাদের জন্য ভূগর্ভস্থ পানির ওপর নির্ভর করতে হচ্ছে মানুষকে। অন্যদিকে পানির অভাবে লবণাক্ত এলাকায় ফসল আবাদ ব্যাহত হচ্ছে।
খুলনা পানি উন্নয়ন বোর্ডের পরিচালন ও রক্ষণাবেক্ষণ বিভাগ-১ ও ২–এর নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, উপকূলীয় এলাকার নদী ও খালে পলি পড়ে ভরাট হওয়ার প্রবণতা অনেক বেশি। কিছু কিছু এলাকায় বিভিন্ন প্রকল্পের আওতায় খাল খনন করা হচ্ছে। সম্প্রতি মন্ত্রণালয়ে ৬২টি খাল খননের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।
খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, খুলনার ১০টি উপজেলার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেড় হাজারের মতো খাল। এর মধ্যে ৫২২টি খাল পলি জমে ভরাট হয়ে গেছে। খালগুলোর সম্মিলিত দৈর্ঘ্য প্রায় ২ হাজার ২০০ কিলোমিটার। এসব খাল জরুরি ভিত্তিতে খননের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি।
১৯৯৬ সাল থেকে খাল খনন ও ইজারামুক্ত করার জন্য আন্দোলন করছেন বটিয়াঘাটা উপজেলার বিভাষ মণ্ডল। তিনি বলেন, খালগুলো ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে পানিসংকটে ভোগেন কৃষকেরা। খাল খনন ও ইজারামুক্ত করা গেলে এসব এলাকায় একাধিক ফসল উৎপাদন করা যেত।
খুলনা জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার বলেন, বদ্ধ জলমহল ইজারা দেওয়া হয় স্থানীয় মৎস্য চাষিদের। কোনো ইজারা দেওয়া খাল কৃষিকাজে ব্যাঘাত ঘটাচ্ছে, এমন অভিযোগ পেলে প্রয়োজনে ইজারা বাতিল করা হবে।