৫৫ কচ্ছপ উদ্ধার করল কোস্টগার্ড, আটক যুবকের বিষয়ে পাল্টাপাল্টি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোংলা থেকে সুন্দি প্রজাতির ৫৫টি কচ্ছপ উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. হাসানুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে যুবক আটকের বিষয়ে পাল্টাপাল্টি দাবি করা হচ্ছে।

কোস্টগার্ড বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার সকালে মোংলা উপজেলার দিগরাজ বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৫টি কচ্ছপসহ তৌহিদ সরদার (৩০) নামের এক যুবকে আটক করা হয়। পরে জব্দ করা কচ্ছপ ও আটক যুবককে খুলনার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করা হয়েছে।

তবে বন বিভাগ বা পুলিশের দাবি, কচ্ছপ উদ্ধারের ঘটনায় আটক কোনো ব্যক্তিকে তাদের কাছে হস্তান্তর করা হয়নি। আটক যুবকের ঠিকানা বা বিস্তারিত কোনো পরিচয়ই কোস্টগার্ডের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বলছে, তাদের কাছে কেবল উদ্ধার হওয়া ৫৫টি কচ্ছপ হস্তান্তর করা হয়েছে। এ সময় কাউকে আটক করা হয়েছে ,এমনটা তারা জানে না।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা কার্যালয়ের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) নির্মল কুমার পাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কোস্টগার্ড ৫৫টি কচ্ছপ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করে। কচ্ছপগুলো যশোর এলাকায় অবমুক্ত করা হবে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।’

কোস্টগার্ড থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডিএফও বলেন, ‘তারা আমাদের বলেছে, কোনো আসামি আটক করা সম্ভব হয়নি। কেবল কচ্ছপগুলো আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, কোস্টগার্ড আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তাদের কাছে এমন কোনো আসামি পাঠায়নি।