৬ ছাত্রী আটক, প্রতিবেশীরা শুনেছে বিকট শব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় একটি মেসে গুরুতর দগ্ধ হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা হাসান। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
আশপাশের লোকজন জানিয়েছেন, গতকাল মঙ্গলবার ভোরে তাঁরা ওই মেস থেকে একটি বিকট শব্দ শুনতে পান। সেটি বিস্ফোরণের শব্দ হতে পারে। তবে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের পর পুলিশ জানায়, ঘটনাটি রহস্যজনক। ওই মেস থেকে ছয় ছাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে দগ্ধ ছাত্রীর মামা তারিকুল ইসলাম গতকাল সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ফাহমিদার চেতনা ফিরেছে। তিনি এখন ঘুমাচ্ছেন। ফ্রিজ থেকে আগুন লেগে ফাহমিদা দগ্ধ হয়েছেন বলে তিনি শুনেছেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আইনুল হক জানান, দগ্ধ শিক্ষার্থী ফাহমিদা হাসান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকছিনা পূর্বপাড়া গ্রামে।
ঘটনার পরপরই ফাহমিদাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে নেওয়া হয়। সেখানকার সহকারী অধ্যাপক মির্জ্জা মু. তাইয়েবুল ইসলাম বলেন, ‘৬টা ৪৫ মিনিটে ওই ছাত্রীকে হাসপাতালে আনা হয়। এক ঘণ্টা চিকিৎসার পর অবস্থা খারাপ দেখে তাঁকে ঢাকায় পাঠানো হয়। মেয়েটির দুই হাত, দুই পা, বুক, মুখমণ্ডল ও শ্বাসনালিসহ অন্তত ৫৫ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।’
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে উত্তর-পূর্বে শালবন বিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে সালমানপুর এলাকায় প্রশান্তি ভিলা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামে কর্মরত কর্মকর্তা মনিরুল ইসলাম মৃধার তিনতলা বাড়ি এটি। এই বাড়ির নিচতলা ও তৃতীয় তলায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা মেস করে ভাড়া থাকেন। এর মধ্যে একটি কক্ষে থাকতেন ফাহমিদা। দ্বিতীয় তলায় মনিরুল ইসলামের পরিবার থাকে। মেসের আশপাশজুড়ে লাগানো হয়েছে হলুদ ফিতা (ক্রাইম সিন পেপার)। বাড়ির নিচতলার দক্ষিণ পাশের যে কক্ষে ফাহমিদা থাকেন, সেই কক্ষের জানালার কাচ ভাঙা ও গ্রিলের একাংশ ছিঁড়ে নিচে পড়ে আছে। কক্ষটির ভেতর পোড়া গন্ধ। বাড়ির মালিকের পরিবারের সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি।
বাড়ির আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সকাল ছয়টার দিকে বাড়িটির নিচতলায় বিকট শব্দ হয়। মেসের মেয়েরা জেগে দেখেন ফাহমিদার কক্ষে আগুনের শিখা। তখন ফাহমিদা দগ্ধ অবস্থায় চিত্কার করছিলেন। পরে ছাত্রীরা কোনো রকমে তাঁকে বের করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
প্রশান্তি ভিলার পাশের বাসার তিন ব্যক্তি জানান, তাঁরা যে বিকট শব্দ শুনেছেন তা বোমা, গ্রেনেড বা ফ্রিজের বিস্ফোরণের হতে পারে।
খবর পেয়ে সকাল ১০টায় কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনের নেতৃত্বে জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), সিআইডি ও মহিলা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। পুলিশ বলছে, ফাহমিদার দগ্ধ হওয়ার ঘটনা রহস্যজনক। রহস্য বের করতে ঢাকা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যদের কুমিল্লায় ডাকা হয়েছে।
ঘটনার পর মেসের বাসিন্দা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, হিসাববিজ্ঞান, মার্কেটিং, গণিত ও ইংরেজি বিভাগের ছয় ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা সাতটা পর্যন্ত তাঁরা সেখানেই ছিলেন। তখনো এ ঘটনায় কোনো মামলার কথা জানা যায়নি।