৬ মণ জাটকা জব্দ করে এতিমখানায় পাঠালেন ইউএনও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির রাজাপুর উপজেলায় জাটকা পরিবহনের অপরাধে দুই পরিবহনচালকসহ ৬ ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার রাত পৌনে আটটার দিকে উপজেলা সদরের বাইপাস মোড় এলাকায় এ অভিযান চালান রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোক্তার হোসেন। অভিযানে জব্দ ৬ মণ জাটকা স্থানীয় ১৭টি এতিমখানায় বিতরণ করা হয়।
ইউএনও মো. মোক্তার হোসেন প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ জাটকা পরিবহনের সময় দুটি দূরপাল্লার বাস থেকে ছয় মণ জাটকা উদ্ধার করা হয়। পরে ৬ ব্যক্তিকে জাটকা বহনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ জাটকা ১৭টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযানের সময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মোজ্জামেল হক উপস্থিত ছিলেন।