৬ মার্চ থেকে 'আন্তর্জাতিক সিলেট উৎসব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৬ মার্চ থেকে সিলেট নগরের মাছিমপুর এলাকার আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে শুরু হবে দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক সিলেট উৎসব’। এ উৎসবে সিলেট অঞ্চলের ঐতিহ্য ও লোকগান গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হবে।

গতকাল শনিবার দুপুর ১২টায় সিলেট স্টেশন ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে দেশ-বিদেশের সিলেটিরা অংশ নেবেন উল্লেখ করে আয়োজকেরা জানান, দুই দিনব্যাপী অনুষ্ঠানমালায় সিলেটবাসীর শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়ন, ইতিহাস ও ঐতিহ্য এবং প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা ও সেমিনার, গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, তথ্যচিত্র প্রদর্শন, নৃত্য, নাটক, চলচ্চিত্র ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এ সময় বক্তব্য দেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার সভাপতি সি এম তোফায়েল সামি, সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা, সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, উৎসব উদ্‌যাপন পর্ষদের আহ্বায়ক আবু হোসেন চৌধুরী প্রমুখ। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।