খামারপাড়া কমিউনিটি ক্লিনিক
৬ মাস ধরে প্রবেশপথ ও মাঠ জলাবদ্ধ, ভোগান্তি
নালা নির্মাণ করলেও পানি সরছে না। স্থায়ীভাবে সমাধানের জন্য প্রবেশপথ ও মাঠটি বালু দিয়ে ভরাট করতে হবে।
বৃষ্টির পানি জমে কুমিল্লার দাউদকান্দি উপজেলার খামারপাড়া কমিউনিটি ক্লিনিকের প্রবেশপথ ও মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ছয় মাস ধরে এ কেন্দ্রে চিকিৎসা নিতে আসা রোগী ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) দুর্ভোগ পোহাচ্ছেন।
কমিউনিটি ক্লিনিক সূত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ১৯৯৪ সালে খামারপাড়া কমিউনিটি ক্লিনিকটি নির্মাণ করা হয়। এতে মারুকা ইউনিয়নের পাঁচটি গ্রামের লোকজন ছাড়াও চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার তিনটি গ্রামের চার সহস্রাধিক মানুষ নিয়মিত চিকিৎসাসেবা নিতে আসে। কিন্তু টানা ছয় মাস ধরে ক্লিনিকের প্রবেশপথ ও মাঠে পানি জমে রয়েছে।
ক্লিনিকের দুই পাশে পেন্নাই-পিতাম্বর্দী সড়ক ও মাছ চাষের খামার। ফলে বৃষ্টি হলে ক্লিনিকের প্রবেশপথ ও মাঠে পানি জমে যায়। নালা নির্মাণ করলেও পানি সরানো সম্ভব হচ্ছে না। সমস্যাটি স্থায়ীভাবে সমাধানের জন্য প্রবেশপথ ও মাঠটি বালু দিয়ে ভরাট করতে হবে। এদিকে পানির কারণে রোগীর সংখ্যাও কমেছে। এখন প্রতিদিন গড়ে ২০ জন আসে ক্লিনিকে সেবা নিতে। আগে দিনে ৫০ জনও আসত।
গতকাল রোববার সকালে গিয়ে দেখা যায়, ক্লিনিকে চিকিৎসা নিতে আসা রোগী ও সিএইচসিপি পানি মারিয়ে ক্লিনিকে আসছে। দীর্ঘদিন জমে থাকা পানি থেকে পচা গন্ধ ছড়াচ্ছে। গর্ভবর্তী ও নবজাতক শিশুকে নিয়ে আসা মায়েদের বেশি অসুবিধা হচ্ছে।
বরকোটা গ্রামের বাসিন্দা গৃহবধূ ফাতেমা বলেন, ‘গত মঙ্গলবার কমিউনিটি ক্লিনিকে আইছিলাম। আইজকে আবার আইছি পা চুলকানির ওষুধের লাইগা। পচা পানি পারাইয়া আমার পায়ে চুলকানি হয়ে গেছে।’
কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মনোয়ারা বেগম বলেন, ভিজা পোশাকে দীর্ঘ সময় কাটিয়ে বর্তমানে তিনি নিজেই অসুস্থ হয়ে পড়েছেন। এ সমস্যার বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, সরেজমিনে গিয়ে এ সমস্যার স্থায়ী সমাধান করা হবে।