৬ মাস পর কঙ্কাল উদ্ধার, গলার মালা ও হাতের চুড়ি দেখে মাকে চিনলেন ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

প্রায় ছয় মাস আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন রাজশাহীর পুঠিয়া উপজেলার শেরজান বিবি (৯৩)। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন শেরজান বিবির কোনো খোঁজ পাননি। পরে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল।

ছয় মাস পর আজ বৃহস্পতিবার পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ভাড়ড়া গ্রামের একটি ডোবায় ওই নারীর কঙ্কাল পাওয়া গেছে। পরে হাড়গোড়ের ভেতরে থাকা হাতের চুড়ি আর গলার মালা দেখে ওই নারীর পরিচয় নিশ্চিত করেছেন তাঁর ছেলে। আজ সকাল ১০টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কাল উদ্ধার করে।

শেরজান বিবি বানেশ্বর ইউনিয়নের ভাড়ড়া গ্রামের নূর আলী মণ্ডলের স্ত্রী। ছয় মাস আগে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বানেশ্বরে কয়েকজন ব্যক্তি একটি ডোবায় পানি সেচে মাছ ধরছিলেন। এ সময় খালের কচুরিপানা সরিয়ে সেখানে একটি মানুষের কঙ্কাল পাওয়া যায়। কঙ্কালে কোনো মাংস ছিল না বলে তাঁকে চেনারও উপায় ছিল না। তবে কঙ্কালের ভেতর থেকে চুড়ি আর মালা উদ্ধার করা হয়। এই খবর জানাজানি হলে শেরজান বেগমের ছেলে লুৎফর হোসেন ঘটনাস্থলে এসে চুরি আর মালা দেখে লাশের পরিচয় শনাক্ত করেন।

জানতে চাইলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ওই নারী মাঝেমধ্যেই বাড়ির বাইরে হাঁটতে যেতেন। প্রায় ছয় মাস আগে একবার তিনি বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছিল। আজ সকালে একটি ডোবা থেকে এক নারীর লাশ উদ্ধার করা হলে ওই নারীর ছেলে শনাক্ত করেন এটা তাঁর মা। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।