৬ মাস পর করোনায় মৃত্যুহীন ময়মনসিংহ মেডিকেল
দীর্ঘ প্রায় ছয় মাস পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনায় কারও মৃত্যু হয়নি। এতে চিকিৎসকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বস্তি প্রকাশ করেছেন।
গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত করোনায় কেউ মারা যাননি। করোনার উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এই তিনজন হলেন নেত্রকোনা সদরের রনি মিঞা (১৮), কেন্দুয়া উপজেলার ইউনুস (৭২) ও শেরপুর সদরের আক্কাস আলী (৫৫)। এর আগে আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও এর উপসর্গে ৪১৯ জনের এবং জুলাইয়ে ৪৮২ জনের মৃত্যু হয়েছিল।
এসব তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৩ জনসহ ভর্তি আছেন ১৪৭ জন। তাঁদের মধ্যে আইসিইউতে ১০ জন চিকিৎসাধীন।
সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৮টি নমুনা পরীক্ষায় ১১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক শূন্য ৫।