৬ রোহিঙ্গা ও ৬ নৌকা ফেরত পাঠাল বিজিবি
বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে মিয়ানমারের ছয়জন রোহিঙ্গা নাগরিককে আটক করে দেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া রোহিঙ্গাদের বহনকারী ছয়টি নৌকাও ফেরত পাঠানো হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে রোহিঙ্গারা বিচ্ছিন্নভাবে অনুপ্রবেশের চেষ্টা করছিল।
উখিয়া সীমান্তের দায়িত্বে থাকা কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার প্রথম আলোকে বলেন, আজ সকাল পর্যন্ত উখিয়া সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় এক নারী ও পাঁচ শিশু মোট ছয়জন রোহিঙ্গাকে আটক করে দেশে ফেরত পাঠানো হয়।
টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার সন্ধ্যা থেকে আজ সকাল আটটা পর্যন্ত টেকনাফের দুটি সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গাবোঝাই ছয়টি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। প্রতিটি নৌকায় ১২-১৫ জনের মতো শিশু, নারী ও পুরুষ ছিল। পরে তাদের মিয়ানমারে ফেরত যেতে বাধ্য করা হয়েছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের সেনাবাহিনীর সহিংস অভিযানের কারণে কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ সীমান্ত দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে।