৬০০ মিটারে চরম ভোগান্তি

ফরিদপুর সদর উপজেলার আয়জদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকায় সিঅ্যান্ডবি ঘাট নৌবন্দরের অবস্থান।

পণ্যবাহী ট্রাক সড়কের কাদায় আটকে গেছে। গত শুক্রবার সকালে ফরিদপুর সদর উপজেলার সিঅ্যান্ডবি ঘাট এলাকায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলায় সিঅ্যান্ডবি ঘাট নৌবন্দর থেকে পণ্য পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বন্দর থেকে প্রায় ৬০০ মিটার কাঁচা রাস্তা পেরিয়ে পাকা সড়কে উঠতে হয়। বর্ষা মৌসুমে ওই কাঁচা রাস্তা কাদা–পানিতে একাকার হয়ে গেছে। যানবাহনের চাকা আটকে থাকছে।

সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের আয়জদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকায় সিঅ্যান্ডবি ঘাট নৌবন্দরের অবস্থান। ২০১৭ সালে এটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌবন্দর হিসেবে অন্তর্ভুক্ত হয়। খাস কালেকশনের মাধ্যমে এখানে রাজস্ব আদায় করা হয়।

এই বন্দর দিয়ে পাথর, সিমেন্ট, বালু, রড খালাস করে ফরিদপুর শহরসহ আশপাশের জেলায় নেওয়া হয়। এ ছাড়া ফরিদপুরসহ আশপাশের জেলার বিভিন্ন কাঁচামাল, পণ্যসামগ্রী, গরু-ছাগল এই বন্দর দিয়ে নৌপথেই ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় পাঠানো হয়।

১৩ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে নৌবন্দর এলাকায় গিয়ে দেখা যায়, কাঁচা সড়কের পুরোটাই কাদায় পরিপূর্ণ। ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চাকা সড়কের যে স্থান দিয়ে যাচ্ছে, সেখানে যেন ছোট খালে পরিণত হচ্ছে। সড়কের দুই পাশের দোকানে কাদামাটি ছিটকে যাচ্ছে। বেশির ভাগ দোকানের সামনের ঝাঁপ বন্ধ রয়েছে।

সরেজমিনে দেখা যায়, ১০ চাকার একটি ট্রাক কাদায় আটকে গেছে। ট্রাক থেকে মালামাল নামিয়ে অপেক্ষাকৃত ছোট আকারের ট্রাকে তোলা হচ্ছে। ওই ট্রাকের চালকের সহযোগী হালিম মোল্লা (৩৯) বলেন, বন্দর থেকে খালাস করা পণ্য নিয়ে যাওয়ার সময় আগের রাতে ১০ চাকার ট্রাকটি আটকে যায়। এখন ছোট ছোট ট্রাকে মালামাল সরিয়ে ট্রাকটির ওজন কমিয়ে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

সড়কের পাশের খাবারের দোকান রয়েছে আবদুস সালাম শেখের। তিনি বলেন, ‘রাস্তা সব সময় খারাপ থাকে। বৃষ্টির দিকে কাদা এবং শুকনা মৌসুমে ধুলা আমাদের সঙ্গী। এ জন্য দোকানে খদ্দের আসতে চান না।’

আরেক ব্যবসায়ী কামাল হোসেন (৩৫) বলেন, ‘দোকানের সামনে হাঁটু পরিমাণ কাদা। এ কাদা মাড়িয়ে কে মালপত্র কিনতে আসবে? তাই কোনো বেচাকেনা নাই, হাত–পা গুটাইয়া বইসা আছি।’

ট্রাকচালক জাহিদ শেখ (২৭) বলেন, এ পথ দিয়ে মালামাল পরিবহন করতে গেলে ঝুঁকি নিয়ে হয়। ট্রাকের ইঞ্জিনে যখন কাজ হয় না, তখন ভেকু মেশিন (এক্সাভেটর) দিয়ে ট্রাক ঠেলে সামনের দিকে দিতে হয়।

ফরিদপুর শহরের আলাউদ্দিন ট্রেডের স্বত্বাধিকারী সিদ্দিকুর রহমান বলেন, এ বন্দরে প্রতি টন মাল বাবদ দেড় শ টাকা হাসিল দিতে হয়। প্রতিবছর গড়ে কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়। কিন্তু নৌবন্দরের কাছে ওই সড়কের কারণে ঠিকমতো মালামাল আনলোড করা যায় না। ট্রাক-ট্রলার বসে থাকে। ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সিঅ্যান্ডবি ঘাট নৌবন্দর পরিচালিত হচ্ছে আরিচা নৌবন্দরের মাধ্যমে। আরিচা নৌবন্দরের নির্বাহী প্রকৌশলী নাজিম উদ্দিন পাঠান বলেন, ‘ওই সড়কের মালিক সড়ক বিভাগ। সেটি তারা আমাদের দিয়ে দিলে আমরা সংস্কার করতে পারি। কিন্তু অন্যের মালিকানাধীন সড়কে আমরা কাজ করতে পারি না। সড়ক বিভাগ হয় আমাদের রাস্তার ওই অংশ দিয়ে দিক কিংবা তারা সেটি দ্রুত মেরামত করে দিক।’

এ সম্পর্কে ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান বলেন, সড়কটির যে অংশ তাদের অধীন, সেই অংশ পাকা
আছে। সড়কের ওই অংশ থেকে উত্তরে পদ্মা নদী পর্যন্ত ৬০০ মিটার কাঁচা রয়েছে। একটি প্যাকেজ প্রকল্প নিয়ে সড়কের ওই অংশ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

ইমরান ফারহান আরও বলেন, রাজবাড়ী রাস্তার মোড় থেকে রঘুনন্দনপুর, অম্বিকাপুর হয়ে সিঅ্যান্ডবি ঘাট পর্যন্ত একটি বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে আর কোনো সমস্যা থাকবে না।