বগুড়া পৌরসভা নির্বাচন
৬৩ প্রার্থী মামলার আসামি, ৫৩ কেন্দ্র ‘অতি ঝুঁকিপূর্ণ’
গতকাল শুক্রবার প্রচারণার শেষ দিনেও গাড়িবহর নিয়ে শোডাউন আর মিছিল-মহড়া করেছেন প্রার্থীরা।
রাত পোহালেই দেশের বৃহত্তম ও প্রাচীনতম বগুড়া পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কাল রোববার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। গতকাল শুক্রবার প্রচারণার শেষ দিনেও গাড়িবহর নিয়ে শোডাউন আর মিছিল-মহড়ার মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে মেয়র ও কাউন্সিলর পদের অনেক প্রার্থীর বিরুদ্ধে।
কোনো কোনো প্রার্থীর মিছিল ও মহড়ায় অংশ নিয়েছে চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রধারী ভাড়াটে দাগি মাস্তান। লাইসেন্স করা অস্ত্রধারী প্রার্থীও আছেন কয়েকজন। বৈধ অস্ত্র নির্বাচনে প্রভাব খাটানোর কাজে ব্যবহার করা হতে পারে, এমন শঙ্কা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। পৌরসভার ১১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩টি কেন্দ্র ‘অতি ঝুঁকিপূর্ণ’ চিহ্নিত করেছে পুলিশ।
তবে রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম শাহ প্রথম আলোকে বলেন, কতজন প্রার্থীর কাছে বৈধ অস্ত্র আছে, সেই তথ্য তাঁর কাছে নেই। হলফনামায় কেউ অস্ত্রের কোনো তথ্য দেননি। নির্বাচন কমিশন থেকেও বৈধ অস্ত্র জমা নেওয়ার ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি।
মাস্তান বাহিনীর দখলে এবারের ভোটের মাঠ। সুষ্ঠু ভোটের কোনো পরিবেশ এখনো দেখছি না। ভোটাররাও আতঙ্কে।
পঞ্চম ধাপের এই পৌরসভা নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১৪৫ বছরের প্রাচীন বগুড়া পৌরসভার ২১টি সাধারণ ও ৭টি সংরক্ষিত ওয়ার্ডে ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৮৭০। এবার মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন করে প্রার্থী ছাড়াও স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর বাইরে সাধারণ কাউন্সিলর পদে ১৩০ জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ডে ৫০ জন প্রার্থী রয়েছেন।
সাধারণ ভোটার ও কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, মেয়র ও কাউন্সিলর পদে ৬৩ জন হত্যা-খুন, অস্ত্র, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, মারামারি, নাশকতা, মাদকসহ বিভিন্ন মামলার আসামি ও পুলিশের নথিতে চিহ্নিত সন্ত্রাসী। মনোনয়নপত্র দাখিলের পর থেকেই প্রার্থীদের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা লেগেই আছে। ভোটকে কেন্দ্র করে ১৩ নম্বর ওয়ার্ডে খুনোখুনিও হয়েছে। প্রার্থীদের পক্ষে নির্বাচনী মাঠ দাপাচ্ছেন অবৈধ অস্ত্রধারী ও চিহ্নিত সন্ত্রাসীরা। এসব কারণে কেন্দ্রে গিয়ে স্বচ্ছন্দে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন কি না, তা নিয়েই যত শঙ্কা ভোটারদের।
বগুড়া পৌরসভার ভোটার সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক জেলা সভাপতি বজলুল করিম বলেন, এই ভোটে পরিচ্ছন্ন ও যোগ্য প্রার্থীর অভাব। প্রার্থীর তালিকায় মহল্লার চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রধারী দাগি মাস্তান, কালোটাকার মালিক, পেশিশক্তিধারী খারাপ মানুষের ছড়াছড়ি।
৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আমিনুল ফরিদ বলেন, ‘অস্ত্রধারী সন্ত্রাসীদের মহড়া চলছে, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। পুলিশকে অভিযোগ করা হলেও তাঁরা উল্টো কালোটাকার মালিকের পক্ষ নিচ্ছে।’
গতকাল শেষ দিনে বগুড়া শহরের সাতমাথায় মুজিব মঞ্চে নৌকার প্রার্থী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসানের নৌকার পক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে নৌকায় ভোট চান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন। অন্যদিকে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম প্রচারণার শেষ দিনে শহরের চাষিবাজার, ফতেহ আলী ও রাজাবাজার, জহুরুলনগর, ধরমপুর, মাটিডালিসহ বিভিন্ন ওয়ার্ডে ভোট চেয়ে গণসংযোগ করেন।
হাতপাখা প্রতীক নিয়ে লড়ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুল মতিন। অন্যদিকে জগ প্রতীকে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী পরিবহন ব্যবসায়ী আবদুল মান্নান।
বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা প্রথম আলোকে বলেন, ৫৩টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বৈধ অস্ত্রধারী কতজন প্রার্থী আছেন, সেটা খোঁজ নেওয়া হবে। ভোটের দিন তাঁদের অস্ত্র জমা দিতে হবে।