৭ দিন পর ভেসে উঠল শিশুর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামের নদের পাড়ে বন্ধুর সঙ্গে খেলতে গিয়ে সাত দিন আগে নিখোঁজ হয়েছিল শিশুটি। এরপর সেই নদে ডুবুরি দল নেমে খোঁজাখুঁজির পরেও শিশুটির সন্ধান মেলেনি। আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে বেশ খানিকটা দূরে নদের পানিতে শিশুটির লাশ ভাসতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা গ্রামের বানার নদ থেকে উদ্ধার হওয়া শিশুটির নাম আরাফাত আকন্দ (৪)। গত ২৫ আগস্ট উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামে বানার নদে পড়ে নিখোঁজ হয়েছিল সে। আরাফাত আকন্দ বরমী ইউনিয়নের জুয়েল আকন্দের ছেলে।

শিশুটির স্বজনদের বরাত দিয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, নিখোঁজের দিন আরাফাত তার এক বন্ধুর সঙ্গে নদের পাড়ে খেলছিল। একপর্যায়ে সে পানিতে পড়ে যায়। আরাফাতের বন্ধু ঘটনাটি পরিবারকে জানালে খোঁজাখুঁজি শুরু হয়। ডুবুরি নামিয়েও তখন আরাফাতের খোঁজ মেলেনি। আজ সকাল সাতটার দিকে স্থানীয় ব্যক্তিরা পার্শ্ববর্তী গোসিঙ্গা গ্রামে শিশুটির লাশ ভেসে থাকতে দেখেন। পরে শিশুটির পরিবার সেখানে গিয়ে লাশটি শনাক্ত করে।