মির্জাপুর উপজেলা আ.লীগ
৭ বছরের বেশি সময় পর হচ্ছে সম্মেলন
সম্মেলন ঘিরে অন্য সময়ের মতো দেখা যাচ্ছে না ব্যানার, বিলবোর্ড, সাইনবোর্ড কিংবা তোরণ।
দীর্ঘ সাত বছরের বেশি সময় পর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার সম্মেলনের তারিখ নির্ধারিত হয়েছে। তবে এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে তেমন উৎসাহ নেই। ফেসবুক ছাড়া অন্য কোথাও প্রচারণাও নেই।
উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, ২০১৪ সালের ৬ ডিসেম্বর সম্মেলনের মধ্য দিয়ে প্রয়াত সাংসদ মো. একাব্বর হোসেনকে সভাপতি ও মীর শরীফ মাহমুদকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের কমিটি হয়। তাঁদের নেতৃত্বে দলের পূর্ণাঙ্গ কমিটি হতে প্রায় আড়াই বছর লেগে যায়। এদিকে একাধিকবার কমিটির পদবিতে পরিবর্তন আসায় নেতা-কর্মীরা উৎসাহ হারিয়ে ফেলেন। এভাবেই চলে ৭ বছর ৩ মাস। অবশেষে আরেকটি সম্মেলনের তারিখ নির্ধারিত হয়েছে। সম্মেলন ঘিরে নেতা-কর্মীরা ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন। তবে অন্য সময়ের মতো দেখা যাচ্ছে না ব্যানার, বিলবোর্ড, সাইনবোর্ড কিংবা তোরণ। কাল মির্জাপুর সরকারি কলেজ মাঠে সম্মেলন হতে যাচ্ছে।
সম্মেলনের মাধ্যমে সাধারণ সম্পাদক পদের দৌড়ে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য মেজর (অব.) খন্দকার আবদুল হাফিজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোজাহিদুল ইসলাম ও আবু রায়হান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল ও তৌফিকুর রহমান তালুকদার, প্রয়াত সাংসদ মো. একাব্বর হোসেনের ছেলে বতাহরীম হোসেনের নাম শোনা যাচ্ছে।
তালিকা নিয়ে ত্রুটিবিচ্যুতি রয়েছে। নেতৃস্থানীয়রা আশা রাখি সে বিষয়ে খেয়াল রাখবেন।সৈয়দ ওয়াহিদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ
সভাপতি পদের দৌড়ে রয়েছেন দলটির বর্তমান সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ। তিনি ছাড়া প্রকাশ্যে আর কোনো প্রার্থীর নাম শোনা না গেলেও স্থানীয় সাংসদ খান আহমেদ শুভকে দলের তৃণমূলের নেতা-কর্মীরা সভাপতি হিসেবে পেতে আগ্রহ প্রকাশ করেছেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘তৃণমূলের প্রত্যেক নেতা-কর্মীর প্রত্যাশা, খান আহমেদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হবেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, তাঁকে দলনেত্রী মির্জাপুর আওয়ামী লীগের নেতৃত্বে আনবেন।’
সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল বলেন, ‘সম্মেলন নিয়ে উৎসাহ আছে। তবে কাউন্সিলরদের তালিকা নিয়ে কিছুটা ত্রুটিবিচ্যুতি রয়েছে। দলের নেতৃস্থানীয়রা আশা রাখি সে বিষয়ে খেয়াল রাখবেন।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ বলেন, ‘সুন্দরভাবে সম্মেলন করতে সব প্রস্তুতি শেষ পর্যায়ে। আমার বয়স হইছে। এই সম্মেলন থেকে আমি সভাপতির দায়িত্ব পালন করতে চাই।’
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর এনায়েত হোসেন বলেন, ‘সম্মেলনে আমি কোনো প্রার্থী নই। আশা করছি সম্মেলন অনেক সুন্দরভাবে শেষ হবে।’