৭ লাখ ইয়াবা বড়ির চালান সাগরে ফেলে পালালেন পাচারকারীরা
সেন্টমার্টিনের ছেঁড়াদিয়াসংলগ্ন সাগরে কোস্টগার্ডের বিশেষ টহল চলছে। এ সময় সন্দেহভাজন একটি ট্রলারকে থামার জন্য কোস্টগার্ড সদস্যরা সংকেত দেন। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দিক পরিবর্তন করে ওই ট্রলার পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে ট্রলারের কাছাকাছি পৌঁছালে বাদামি রঙের প্লাস্টিকের চারটি বস্তা সাগরে ফেলে দিয়ে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে পালিয়ে যায় ওই ট্রলার।
পরে ওই ৪ বস্তা থেকে ৭ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করছে বাংলাদেশ কোস্টগার্ড। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ইয়াবার চালানটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ শনিবার বিকেলে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তর গোয়েন্দা পরিদপ্তর শাখার (মিডিয়া কর্মকর্তা) লেফটেন্যান্ট (বিএন) খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা জানতে পারেন মিয়ানমার থেকে বড় ধরনের মাদকের চালান বাংলাদেশে আসছে। এরপর বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের বিসিজি টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সেন্টমার্টিনের ছেঁড়াদিয়াসংলগ্ন সাগরে অভিযান চালায়।
বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তর গোয়েন্দা পরিদপ্তর শাখার (মিডিয়া কর্মকর্তা) লেফটেন্যান্ট (বিএন) খন্দকার মুনিফ তকি জানান, উদ্ধার করা ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।