৭২ দিন পর কবর থেকে তোলা হলো ৮ বছরের শিশুর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের কটিয়াদীতে ৭২ দিন পর কবর থেকে মো. মাহিদ নামে আট বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে ৭২ দিন পর কবর থেকে মো. মাহিদ নামের ৮ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের লাশ তোলা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার কুড়িখাই নগরপাড়া গ্রামের একটি কবরস্থান থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকাজে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম। মাহিদ কুড়িখাই নগরপাড়ার রফিকুল ইসলামের ছেলে।

লাশ উত্তোলনের সময় ছিলেন কটিয়াদী থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান। তিনি বলেন, আদালতের নির্দেশ পাওয়ার পর আজ শিশু মাহিদের লাশ তোলা হলো। আজ ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পুলিশ ও পরিবারের লোকজন জানান, মাহিদ একই ইউনিয়নে অবস্থিত আলহাজ শাহ সামছ উদ্দিন সাফিয়া খাতুন মাদ্রাসায় পড়ত। সে ওই মাদ্রাসার আবাসিকের ছাত্র ছিল। মাহিদের বাড়ি থেকে মাদ্রাসার দূরত্ব প্রায় এক কিলোমিটার। গত ২ জানুয়ারি বিকেলে মাদ্রাসার উদ্দেশে মাহিদ ঘর থেকে বের হয়। পরদিন সকাল সাড়ে নয়টায় দিকে স্থানীয় লোকজনের নজরে আসে, প্রতিবেশী নুরু মিয়ার রান্নাঘরে মাহিদের লাশ ঝুলছে। পুলিশকে না জানিয়ে পরিবারের সদস্যরা ওই দিনই বাড়ির পাশে মাহিদের লাশ দাফন করে। দুই প্রতিবেশীর মধ্যে জমি নিয়ে বিরোধ আছে।

আত্মহত্যা করেনি, মাহিদকে হত্যা করা হয়েছে—এমন অভিযোগ এনে ৯ জানুয়ারি আদালতে অভিযোগ করে মাহিদের দাদি কল্পনা আক্তার। অভিযোগে প্রতিবেশী নুরু মিয়ার স্ত্রী রোশনা খাতুনকে প্রধান অভিযুক্ত করা হয়। মোট অভিযুক্ত করা হয় পাঁচজনকে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের জন্য কবর থেকে মাহাদির লাশ উত্তোলনের নির্দেশ দেন কিশোরগঞ্জ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন। আদেশটি দেওয়া হয় ১৭ ফেব্রুয়ারি। আদেশ দেওয়ার ২৭ দিন পর আজ লাশটি কবর থেকে তোলা হলো।

অভিযোগের বিষয়ে রোশনা খাতুনের ভাষ্য, জমি নিয়ে কল্পনা আক্তারের পরিবারের লোকজনের সঙ্গে তাঁদের বিরোধ রয়েছে সত্য, কিন্তু তাঁরা মাহিদকে মারেননি। এখন তাঁদের মনে হচ্ছে, ফাঁসানোর জন্য মাহিদের পরিবারের কেউ মাহিদকে হত্যা করে তাঁদের রান্নাঘরে ঝুলিয়ে রেখে গেছেন।