৭৩ দিন পর দুই শিশুকে ফেরত দিল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল করে সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়া বাংলাদেশি দুই শিশুকে ৭৩ দিন পর গত মঙ্গলবার রাতে ফেরত দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ৩ এপ্রিল ফেনীর পরশুরামের বিলোনিয়া সীমান্তসংলগ্ন বাউরখুমা গ্রামের মো. নয়ন হোসেন (১১) ও মো. শুভ মিয়া (১০) ভুল করে ভারতের ত্রিপুরা রাজ্যে ঢুকে পড়ে। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে। এরপর তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়।
বিজিবি সূত্র জানায়, অভিভাবকেরা শিশু দুটিকে খুঁজে না পেয়ে বিষয়টি বিজিবির মজুমদারহাট কোম্পানি কমান্ডারকে জানান। এরপর বিএসএফের সঙ্গে কথা বলে শিশু দুটির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় বিজিবি। শিশু দুটিকে ফেরত আনার ব্যাপারে ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শামীম ইফতেখার গত ৫ এপ্রিল ভারতের ১৬৮ বিএসএফ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট নিরেজ কুমার এবং ৭ এপ্রিল ১৬৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ব্রিজেশ কুমারের সঙ্গে পতাকা বৈঠক করেন। ১২ এপ্রিল বিজিবির পক্ষ থেকে প্রতিবাদপত্র পাঠানো হয়। এ ছাড়া বিজিবির কুমিল্লার সেক্টর কমান্ডার গাজী আহসানুজ্জামান ভারতের গোকুলনগর সেক্টর কমান্ডার বিএস টলিয়ার সঙ্গে টেলিফোনে কথা বলেন।
বিজিবি সূত্র জানায়, একাধিক পতাকা বৈঠক ও টেলিফোনে যোগাযোগের পর ভারতীয় কর্তৃপক্ষ শিশু দুটিকে হস্তান্তরে রাজি হয়। গত মঙ্গলবার রাত ১১টায় বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় অভিবাসন পুলিশ শিশু দুটিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে। রাতেই শিশু দুটিকে তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।
৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শামীম ইফতেখার শিশু দুটিকে ভারত থেকে ফেরত পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।